আফগানিস্তান ক্রিকেট দলের টি-টোয়েন্টি নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারকা অলরাউন্ডার রশিদ খানকে। তবে নেতৃত্ব পরিবর্তনের আগে তাকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রতি হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন এই লেগ স্পিনার।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে রশিদের নেতৃত্বেই সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান। দেশটির হয়ে ৪৮টি টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন তিনি। এর মধ্যে আফগানরা জয় পেয়েছে ২৬ ম্যাচে, আর হেরেছে ২২টিতে।
সম্প্রতি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ইব্রাহিম জাদরান। দল ঘোষণার সময় এসিবি জানায়, টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে ইব্রাহিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ক্রিকেটবিষয়ক একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে নেতৃত্ব পরিবর্তনের বিষয়ে রশিদ বলেন, সিদ্ধান্তটি কীভাবে নেওয়া হয়েছে, সে সম্পর্কে তিনি নিজেও জানেন না। বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই তিনি জানতে পারেন যে আর অধিনায়ক থাকছেন না।
নেতৃত্ব হারানোর বিষয়ে কিছুটা হতাশা প্রকাশ করলেও দলের হয়ে নিজের ভূমিকা নিয়ে ইতিবাচক থাকার কথা জানিয়েছেন রশিদ। তার নেতৃত্বে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে জয় পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
রশিদের ভাষ্য, অধিনায়কত্ব তার নিয়ন্ত্রণের বিষয় নয়। নেতৃত্বের দায়িত্বে থাকুন বা না থাকুন, আফগানিস্তানের হয়ে খেলতে পারাটাই তার কাছে গর্বের। নিজের সামর্থ্য অনুযায়ী দলের জন্য অবদান রেখে যাওয়ার প্রত্যয়ও জানিয়েছেন তিনি।
দলের হয়ে ভালো পারফরম্যান্স করা এবং জয়ে ভূমিকা রাখাই এখন তার প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন রশিদ। অধিনায়কত্ব থাকল কি না, সেটি তার হাতে নেই বলেও মন্তব্য করেন তিনি।
নেতৃত্বের দায়িত্ব না থাকলেও সতীর্থদের নিজের অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করতে চান এই আফগান তারকা। তার মতে, দলের ক্রিকেটারদের নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখতে হবে।
ভারতের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে রশিদ বলেন, আফগানিস্তানকে বিশ্বাস করতে হবে যে তারা ভারতের মতো শক্তিশালী দলকেও হারাতে পারে। কারণ অতীতে ভারতের বিপক্ষে বারবার হারের কারণে আফগান ক্রিকেটারদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। তার মতে, ভারতের মুখোমুখি হলে দলটি অনেক সময় নিজেদের স্বাভাবিক খেলাটাও হারিয়ে ফেলে।
সেই মানসিক বাধা কাটিয়ে নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখে ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন রশিদ খান।



