অক্টোবর মাসে দেশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় বঙ্গোপসাগরে লঘুচাপ, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়েরও সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত ৩০ সেপ্টেম্বর এক সভায় অক্টোবর মাসের জন্য দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রকাশ করে আবহাওয়া অফিস। এতে জানানো হয়, অক্টোবর মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
মাসটির প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) ধীরে ধীরে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।
এছাড়া, অক্টোবরজুড়ে দেশের বিভিন্ন এলাকায় ২-৪ দিন মাঝারি থেকে তীব্র বজ্রসহ বৃষ্টিপাত এবং ৩-৫ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, অক্টোবর মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কিছুটা কমতে পারে, তবে তা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি থাকতে পারে।
এ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে ভারি বৃষ্টির কারণে উত্তর, উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্ব পার্বত্য অঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
সেপ্টেম্বর মাসের বৃষ্টিপাত সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, মাসটিতে সারাদেশে স্বাভাবিকের তুলনায় ২০.৮ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টিপাত ছিল স্বাভাবিকের চেয়ে কম, তবে সিলেট বিভাগে ছিল বেশি।
এ বিষয়ে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জাগো নিউজকে বলেন, “আগামী ১৫ অক্টোবরের মধ্যে মৌসুমি বায়ু বিদায় নেবে। এর ফলে বজ্রপাত ও বজ্রবৃষ্টির ঝুঁকি থাকবে। সাধারণত বর্ষা শেষে সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়।”



