ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে সাত দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে পরিচালিত এই বাণিজ্য কার্যক্রম আগামী ১৭ থেকে ২১ অক্টোবর এবং ২৫ ও ২৬ অক্টোবর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আগরতলার ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টারের পক্ষ থেকে আগরতলা স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট অব কাস্টমসকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠির অনুলিপি বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন দপ্তরেও পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত স্থলবন্দর খোলা থাকবে এবং এ সময় স্বাভাবিকভাবে বাণিজ্য কার্যক্রম চলবে।
এরপর লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ ও ২৬ অক্টোবর আবারও আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ২৭ অক্টোবর থেকে বন্দরে পুনরায় নিয়মিত কার্যক্রম শুরু হবে।
চিঠির অনুলিপি আগরতলা স্থলবন্দরের ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার (এলপিএআই) ব্যবস্থাপক, আখাউড়া এক্সপোর্ট-ইমপোর্ট অ্যাসোসিয়েশন এবং আখাউড়া সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদকসহ আগরতলা আইসিপির প্ল্যান্ট কোয়ারেন্টাইন স্টেশনের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেসার উদ্দিন ভূঁইয়া ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার মাছ রপ্তানিও বন্ধ রাখা হয়েছে। আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে।
দুর্গাপূজা ও লক্ষ্মীপূজায় সাত দিন বন্ধ আখাউড়া স্থলবন্দর



