ঢাকা ও দিল্লির বায়ুর মান বর্তমানে অত্যন্ত অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। ভারতের রাজধানী দিল্লি আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে, আর বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তৃতীয় স্থানে। উভয় শহরের বায়ুদূষণের মাত্রা অত্যন্ত উদ্বেগজনক।
রোববার (৩০ নভেম্বর) সকাল ৮টা ৫৬ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। তালিকার প্রথমে থাকা দিল্লির বায়ুর মান সূচক (AQI) ২৩৬, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায় নির্দেশ করে।
দ্বিতীয় স্থানে থাকা উজবেকিস্তানের তাসখন্দের স্কোর ২৩৩—এটিও ‘খুবই অস্বাস্থ্যকর’ শ্রেণিভুক্ত। আর তৃতীয় স্থানে থাকা ঢাকার স্কোর ২১৫, যা একইভাবে অত্যন্ত অস্বাস্থ্যকর বায়ুর ইঙ্গিত দেয়।
বায়ুর মান সূচক অনুযায়ী, স্কোর ০–৫০ হলে তা ভালো বলে গণ্য করা হয়। ৫১–১০০ মাঝারি বা সহনীয়, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১–২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১–৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে বায়ুর মান বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।



