দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারে পাকিস্তান থেকে কৃষিপণ্য ও পশুপণ্য আমদানির প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এর অংশ হিসেবে পাকিস্তান থেকে গরুর মাংসসহ বিভিন্ন প্রকার মাংস আমদানির সম্ভাবনা তৈরি হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২০ কোটি মার্কিন ডলার (২০০ মিলিয়ন) হতে পারে।
রোববার (৫ অক্টোবর) কুয়ালালামপুরে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, “আমরা ইতোমধ্যে পাকিস্তান থেকে চাল আমদানি বাড়িয়েছি। এখন মাংসপণ্য আমদানির দিকেও আমাদের আগ্রহ রয়েছে। শাহবাজ আশ্বাস দিয়েছেন, এসব পণ্যের দাম প্রতিযোগিতামূলক হবে। তাই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি, যাতে পাকিস্তান থেকে মাংস আমদানি করা সম্ভব হয়।”
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৫৭ সালে স্বাধীনতার পর থেকেই দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা ইতিহাস, সংস্কৃতি, শিক্ষা, গবেষণা ও প্রতিরক্ষা খাতে বিস্তৃত। অর্থনৈতিক সহযোগিতা বরাবরই এ সম্পর্কের মূল ভিত্তি ছিল, এবং এখন সেই সহযোগিতা আরও সম্প্রসারিত করার সময় এসেছে।
ভূরাজনৈতিক অনিশ্চয়তার এই সময়ে প্রতিরক্ষা, কৃষি ও নবায়নযোগ্য জ্বালানির মতো খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
এছাড়া, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM), তথ্যপ্রযুক্তি, উদ্ভাবন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (TVET), ডিজিটাল প্রযুক্তি, ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর খাতে পাকিস্তান-মালয়েশিয়া অংশীদারিত্ব বৃদ্ধির প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
তিনি বলেন, একসময় পাকিস্তান এসব খাতে মুসলিম বিশ্বের অন্যতম অগ্রগামী দেশ ছিল। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসায় এখন সেই সম্ভাবনাগুলো নতুন করে কাজে লাগানো সম্ভব।
শাহবাজ শরীফের এই সফর ২০২৪ সালের মার্চে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ায় তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর। সফর শেষে দেওয়া যৌথ বিবৃতিতে উভয় প্রধানমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ খাতে বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন এবং চলমান উদ্যোগগুলোর অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
তারা মালয়েশিয়া-পাকিস্তান ক্লোজার ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (MPCEPA)-এর কার্যকর বাস্তবায়ন, বাজারে সহজ প্রবেশাধিকার এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের মাধ্যমে ভারসাম্যপূর্ণ ও টেকসই অর্থনৈতিক সম্পর্ক গড়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এছাড়া মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তানে খাদ্য প্রক্রিয়াকরণ ও উৎপাদন খাতে চাহিদা বাড়ায় দেশটি সেখানে পাম তেল রপ্তানি আরও বাড়াতে আগ্রহী।



