সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা গেছে, বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার অফিসিয়াল মোবাইল নম্বর হ্যাক বা ক্লোন করে অসাধু ব্যক্তিরা সাধারণ মানুষের কাছ থেকে অর্থ দাবি করছে। এ বিষয়ে সকলকে সতর্ক করতে রেলওয়ে কর্তৃপক্ষ জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারকরা কখনো মহাপরিচালক বা অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের আত্মীয় পরিচয়ে কিংবা রেফারেন্স ব্যবহার করে টেন্ডার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, বদলির ভয় দেখানো, চাকরির লোভ দেখানো কিংবা নানা রকম তদবিরের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করছে।
এছাড়াও, কিছু ব্যক্তি বা ঠিকাদার নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কর্মকর্তাদের নাম ব্যবহার করে একে অন্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, কুৎসা এবং ভিত্তিহীন তথ্য সংবাদ মাধ্যমে ছড়াচ্ছেন, যা রেলওয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং কর্মপরিবেশকে নষ্ট করছে।
রেলওয়ে কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানাচ্ছে:
এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া থেকে সকল কর্মকর্তা, কর্মচারী, ঠিকাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরত থাকতে নির্দেশ দেওয়া হচ্ছে। কেউ যদি এসব কাজে জড়িত থাকে, তাহলে এর দায়ভার রেল কর্তৃপক্ষ গ্রহণ করবে না।



