tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকবিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদনকারী দেশ চীন, শীর্ষস্থান ধরে রেখেছে এশিয়ার এই...

বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদনকারী দেশ চীন, শীর্ষস্থান ধরে রেখেছে এশিয়ার এই দেশ

বিশ্ব অর্থনীতিতে স্বর্ণের গুরুত্ব দিন দিন বাড়ছে। গয়না তৈরি কিংবা সঞ্চয়ের মাধ্যম হিসেবেই নয়, অর্থনৈতিক নিরাপত্তা ও ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রেও মূল্যবান এই ধাতুর বিশেষ ভূমিকা রয়েছে। স্বর্ণ উৎপাদন ও ব্যবহারের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি নয়, বরং উভয় ক্ষেত্রেই নেতৃত্ব দিচ্ছে এশিয়ার দেশ চীন।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চীন ৩৮৪ দশমিক ৩ টন স্বর্ণ উৎপাদন করেছে। এর আগের বছর ২০২৪ সালেও দেশটির উৎপাদনের পরিমাণ ছিল ৩৮০ দশমিক ২ টন। ফলে টানা দুই বছর বিশ্বের সর্বোচ্চ স্বর্ণ উৎপাদনকারী দেশের অবস্থান ধরে রেখেছে চীন।

দেশটি নিজস্ব খনি থেকে উত্তোলিত আকরিক পরিশোধনের পাশাপাশি বিদেশ থেকে আমদানি করা কাঁচামাল ব্যবহার করেও স্বর্ণ উৎপাদন করে।

চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের পরিসংখ্যানের ভিত্তিতে সানসার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে চীনে মোট ৩৪৭ দশমিক ৯৯ টন স্বর্ণ উৎপাদিত হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এই উৎপাদন ১১ দশমিক ৪৪ শতাংশ কম।

তবে উৎপাদন কমলেও দেশটিতে স্বর্ণের চাহিদা উল্লেখযোগ্য রয়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে চীনে মোট ৬৮৪ দশমিক ৬২৩ টন স্বর্ণ ব্যবহৃত হয়েছে। এ সময়ে গয়না তৈরিতে স্বর্ণের ব্যবহার ৩৩ দশমিক ৮৬ শতাংশ কমেছে। বিপরীতে স্বর্ণের বার ও কয়েন কেনার মাধ্যমে বিনিয়োগের পরিমাণ বেড়েছে ২৬ দশমিক ২৬ শতাংশ।

বিশ্ববাজারে স্বর্ণের দামের ওঠানামা এবং বিনিয়োগের ঝুঁকি থাকা সত্ত্বেও খনি উৎপাদনে চীনের অবস্থান শক্তিশালী। গ্লোবালডেটার তথ্যমতে, বিশ্বজুড়ে ১ হাজার ৩৫২টির বেশি সচল স্বর্ণখনির মধ্যে ১১৭টি রয়েছে চীনে।

দেশটির উল্লেখযোগ্য স্বর্ণখনিগুলোর মধ্যে রয়েছে শাসি কপার মাইন, ইশিংঝাই, সানশানদাও, জিয়াওজিয়া ও দে শিং মাইন। এসব খনি চীনের স্বর্ণ উৎপাদন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সব মিলিয়ে বিপুল খনি, উৎপাদন সক্ষমতা এবং অভ্যন্তরীণ বাজারে শক্তিশালী চাহিদার কারণে বিশ্ব স্বর্ণবাজারে চীনের প্রভাব গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।