এক বার্তায় পিআইডি জানায়, রবি ও বোরো মৌসুমের জন্য কৃষকের চাহিদানুযায়ী সারা দেশে সার সরবরাহ করা হচ্ছে। সারের পর্যাপ্ত মজুদ আছে। কোনো প্রকার অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে।
কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী, দেশে বর্তমানে রাসায়নিক সারের মজুদ অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে সারের মোট মজুদ ছিল ১৩ লাখ ৪৫ হাজার মেট্রিক টন, যা চলতি বছর ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন বেড়ে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে উন্নীত হয়েছে।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান ইউরিয়া ৬ লাখ ৬ হাজার ৯০০ মেট্রিক টন, টিএসপি ৪ লাখ ৭ হাজার মেট্রিক টন, ডিএপি ৩ লাখ ৩১ হাজার ১০০ মেট্রিক টন এবং এমওপি সার ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন মজুদ আছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশে সারের মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৫৮ লাখ ৫ হাজার মেট্রিক টন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অর্থবছরের শুরু থেকে গত ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১৯ লাখ ৫০ হাজার ৫০০ মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ইউরিয়া ৮ লাখ ৭৪ হাজার ৩০০ মেট্রিক টন, টিএসপি ২ লাখ ৭৫ হাজার ৩০০ মেট্রিক টন, ডিএপি ৪ লাখ ৬৩ হাজার মেট্রিক টন এবং এমওপি সার ৩ লাখ ৩৭ হাজার ৯০০ মেট্রিক টন বিতরণ করা হয়েছে।
এছাড়া চলতি নভেম্বর মাসে কৃষকদের চাহিদা মেটাতে মোট ৭ লাখ ১৪ হাজার ২০০ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে।



