দেশের প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল ও জনসেবামূলক করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি নবগঠিত উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সভায় অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। এ ছাড়া বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবগঠিত মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের সিদ্ধান্ত হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট দুই এলাকার নাগরিকদের স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
এ ছাড়া ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।



