tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের সঙ্গে অচলাবস্থা কাটাতে চান খামেনি, আলোচনায় আগ্রহী ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে অচলাবস্থা কাটাতে চান খামেনি, আলোচনায় আগ্রহী ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এ লক্ষ্যে অচলাবস্থা কাটিয়ে ওঠার নির্দেশ দিয়েছেন তিনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ তথ্য জানিয়েছেন।

পেজেশকিয়ান বলেন, ‘সর্বোচ্চ নেতা আমাদের যুদ্ধও নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন। আমরা মর্যাদা বজায় রেখে আলোচনা করতে পারি এবং মর্যাদার সঙ্গেই সমস্যার সমাধান করতে পারি।’

ইরানের অর্থনৈতিক সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পক্ষে অবস্থান নেওয়া জ্যেষ্ঠ কর্মকর্তাদের একজন হিসেবে বিবেচনা করা হয় পেজেশকিয়ানকে। তিনি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধের কারণে ইরানের সাধারণ মানুষ যে দুর্ভোগের মধ্যে রয়েছে, সে বিষয়ে তিনি সচেতন।

ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘আমি আজ এখানে দেশের ও জনগণের সেবা করার দায়িত্ব নিয়ে এসেছি। দেশের কোনো মানুষ ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যাবে, এটা আমি মেনে নিতে পারি না।’

এদিকে জ্বালানি সাশ্রয়ের উদ্যোগের অংশ হিসেবে নিজের কার্যালয় ছোট পরিসরে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন পেজেশকিয়ান।

গত মার্চে দায়িত্ব নেওয়ার পর থেকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। এমনকি তার কণ্ঠও শোনা যায়নি। ধারণা করা হয়, ইসরায়েলের হামলায় তার বাবা নিহত হওয়ার পাশাপাশি তিনি নিজেও গুরুতর আহত হয়েছিলেন। তবে ইসলামি প্রজাতন্ত্রের নেতৃত্বে তিনি বাস্তবে কতটা সক্রিয় ভূমিকা পালন করছেন, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

সূত্র: তাসনিম নিউজ