তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি কাঠামোর প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। প্রস্তাব অনুযায়ী, চারটি গ্রেডে পোশাকশ্রমিকদের মাসিক বেতন নির্ধারণের কথা বলা হয়েছে ৩২ হাজার থেকে ৪৮ হাজার টাকা পর্যন্ত। অন্যদিকে, কারখানার কর্মচারীদের জন্য প্রস্তাব করা হয়েছে ৪০ হাজার থেকে ৫৫ হাজার টাকা।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা এ প্রস্তাব উপস্থাপন করেন। এতে মূল বেতন, বাড়িভাড়া ও অন্যান্য ভাতা মিলিয়ে শ্রমিক ও কর্মচারীদের জন্য পৃথক বেতন কাঠামো তুলে ধরা হয়।
শ্রমিকদের কোন গ্রেডে কত বেতন?
প্রস্তাবিত কাঠামোতে পোশাকশ্রমিকদের চারটি গ্রেডে ভাগ করা হয়েছে। পাশাপাশি শিক্ষানবিশ শ্রমিকদের জন্য রাখা হয়েছে আলাদা বেতন কাঠামো।
- গ্রেড-১: ৪৮ হাজার টাকা
- গ্রেড-২: ৪৩ হাজার টাকা
- গ্রেড-৩: ৩৮ হাজার টাকা
- গ্রেড-৪: ৩২ হাজার টাকা
- শিক্ষানবিশ শ্রমিক: ৩০ হাজার টাকা
গ্রেড-১-এ কারখানার সিনিয়র অপারেটরদের রাখা হয়েছে। তাদের মূল বেতন প্রস্তাব করা হয়েছে ২৮ হাজার ৮০০ টাকা। বাড়িভাড়া ১৪ হাজার ৪০০ টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৮০০ টাকা। সব মিলিয়ে মাসিক বেতন দাঁড়াবে ৪৮ হাজার টাকা।
গ্রেড-২-এর শ্রমিকদের জন্য মূল বেতন ২৫ হাজার ৮০০ টাকা, বাড়িভাড়া ১২ হাজার ৯০০ টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৩০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এতে মোট বেতন হবে ৪৩ হাজার টাকা।
গ্রেড-৩-এর শ্রমিকদের মূল বেতন ২২ হাজার ৮০০ টাকা, বাড়িভাড়া ১১ হাজার ৪০০ টাকা এবং অন্যান্য ভাতা ৩ হাজার ৮০০ টাকা। সব মিলিয়ে তাদের মাসিক বেতন হবে ৩৮ হাজার টাকা।
অন্যদিকে, গ্রেড-৪-এ থাকা হেলপার ও সহকারী শ্রমিকদের জন্য মূল বেতন ১৯ হাজার ২০০ টাকা, বাড়িভাড়া ৯ হাজার ৬০০ টাকা এবং অন্যান্য ভাতা ৩ হাজার ২০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এতে মোট মাসিক বেতন দাঁড়াবে ৩২ হাজার টাকা।
কর্মচারীদের বেতন কত প্রস্তাব করা হয়েছে?
শ্রমিকদের পাশাপাশি পোশাক কারখানার কর্মচারীদের জন্যও চারটি গ্রেডে পৃথক বেতন কাঠামোর প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ।
প্রস্তাব অনুযায়ী, কর্মচারীদের মাসিক মোট বেতন হবে—
- গ্রেড-১: ৫৫ হাজার টাকা
- গ্রেড-২: ৫০ হাজার টাকা
- গ্রেড-৩: ৪৫ হাজার টাকা
- গ্রেড-৪: ৪০ হাজার টাকা
গ্রেড-১-এর কর্মচারীদের মধ্যে রয়েছেন স্টোর কিপার, উচ্চমান সহকারী ও সিনিয়র ফায়ারম্যান। তাদের মূল বেতন ৩৩ হাজার টাকা, বাড়িভাড়া ১৬ হাজার ৫০০ টাকা এবং অন্যান্য ভাতা ৫ হাজার ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
গ্রেড-২-এর কর্মচারীদের জন্য মূল বেতন ৩০ হাজার টাকা, বাড়িভাড়া ১৫ হাজার টাকা এবং অন্যান্য ভাতা ৫ হাজার টাকা। মোট বেতন হবে ৫০ হাজার টাকা।
গ্রেড-৩-এর কর্মচারীদের মূল বেতন ২৭ হাজার টাকা, বাড়িভাড়া ১৩ হাজার ৫০০ টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৫০০ টাকা। এতে মোট বেতন দাঁড়াবে ৪৫ হাজার টাকা।
গ্রেড-৪-এর কর্মচারীদের জন্য মূল বেতন ২৪ হাজার টাকা, বাড়িভাড়া ১২ হাজার টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। সব মিলিয়ে মাসিক বেতন হবে ৪০ হাজার টাকা।
শিক্ষানবিশদের জন্য তিন মাসের প্রস্তাব
প্রস্তাবিত কাঠামোতে শিক্ষানবিশ শ্রমিকদের শিক্ষানবিশকাল সর্বোচ্চ তিন মাস রাখার কথা বলা হয়েছে। এ সময়ে তাদের মূল বেতন ১৮ হাজার টাকা, বাড়িভাড়া ৯ হাজার টাকা এবং অন্যান্য ভাতা ৩ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ফলে শিক্ষানবিশ শ্রমিকদের মাসিক মোট বেতন হবে ৩০ হাজার টাকা।
এ ছাড়া প্রস্তাবে বলা হয়েছে, খাদ্যভাতা মজুরির আওতাভুক্ত হবে না।
বর্তমানে পোশাকশ্রমিকদের বেতন কত?
বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামো কার্যকর করা হয়েছিল।
দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন পোশাকশ্রমিকরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। নতুন মজুরি কাঠামো নির্ধারণে ইতোমধ্যে বোর্ডের দুটি সভা অনুষ্ঠিত হয়েছে।
তবে শ্রমিকপক্ষের প্রস্তাব এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। মালিকপক্ষের সুপারিশ, মজুরি বোর্ডের পর্যালোচনা এবং পরবর্তী সরকারি সিদ্ধান্তের ভিত্তিতেই নির্ধারিত হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো।



