tanaka
প্রচ্ছদখেলা‘উসমান খাজার প্রত্যেকটি কথাই সত্য’, ৮ বছর আগের বল বিকৃতি কাণ্ডে মুখ...

‘উসমান খাজার প্রত্যেকটি কথাই সত্য’, ৮ বছর আগের বল বিকৃতি কাণ্ডে মুখ খুললেন ওয়ার্নার

আট বছর আগে দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনা নিয়ে নতুন করে উত্তাল ক্রিকেটবিশ্ব। প্রতিদিনই সামনে আসছে নতুন তথ্য ও বক্তব্য। সম্প্রতি অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজা দাবি করেন, বল বিকৃতির ঘটনা সম্পর্কে দলের প্রায় সবাই জানতেন। অথচ ঘটনার দায় চাপানো হয়েছিল ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটের ওপর।

এবার খাজার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন স্বয়ং ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা ওপেনার জানিয়েছেন, খাজার প্রতিটি কথাই সত্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওয়ার্নার বলেন, ‘তদন্তের কাজ দ্রুত শেষ করা হয়েছিল। পুরো প্রক্রিয়াতেই ত্রুটি ছিল। উসমান খাজা যা বলেছে, তার প্রত্যেকটি কথাই সত্য। এখন সবাই প্রকৃত সত্য জানতে পেরেছে। মানুষ এই সত্যের অপেক্ষাতেই ছিল। উসমান খাজা সাহস করে কথাগুলো সামনে এনেছে। আসল সত্য প্রকাশ্যে আসা জরুরি ছিল।’

শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে উসমান খাজার আত্মজীবনী। এর আগে বইয়ের প্রচারের উদ্দেশ্যেই পুরোনো ঘটনা নিয়ে তিনি মুখ খুলেছেন—এমন সমালোচনাও উঠেছে। তবে এসব সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ ওয়ার্নার। বরং খাজার বক্তব্য নিয়ে প্রশ্ন তোলার প্রবণতার সমালোচনা করেছেন তিনি।

ওয়ার্নার বলেন, ‘এখন অনেকেই প্রশ্ন তুলছে, আট বছর পর কেন এই কথা? কেউ কেউ বই বিক্রির প্রসঙ্গও টেনে আনছে। এটা কি ব্রিসবেনের কোনো গল্প, নাকি উসমানের নিজস্ব বিশ্বাস? এ ধরনের সমালোচনা একেবারেই অর্থহীন।’

উসমান খাজা জানিয়েছিলেন, বল বিকৃতি কাণ্ডের তদন্ত চলাকালে অস্ট্রেলিয়া দলের ড্রেসিংরুমের সদস্য হওয়া সত্ত্বেও তাকে কোনো প্রশ্ন করা হয়নি। খাজার এই বক্তব্যও সমর্থন করেছেন ওয়ার্নার।

তিনি বলেন, ‘পুরো তদন্ত প্রক্রিয়াতেই একাধিক ভুল ছিল। ব্যানক্রফটের ঠিক পাশেই বসেছিল উসমান খাজা। তা সত্ত্বেও তাকে কিছু জিজ্ঞাসা করা হয়নি। এমন তদন্তকে কীভাবে পূর্ণাঙ্গ বলা যায়? বিষয়টি আমাকে বিস্মিত করেছে।’

ওয়ার্নার আরও বলেন, ‘আমাদের উদ্দেশ্য কাউকে দোষারোপ করা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দায়বদ্ধতা ও স্বচ্ছতা। পাশাপাশি সত্য যাতে নিরপেক্ষভাবে যাচাই করা হয়, সেটিও নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রশ্নের মুখে না ফেলে যারা তদন্তের দায়িত্বে ছিলেন, তাদের কাছেই জবাব চাওয়া উচিত।’

ভিডিও বার্তায় নিজের পরিবারের সঙ্গে এ ঘটনা নিয়ে আলোচনার অভিজ্ঞতাও তুলে ধরেন ওয়ার্নার। তিনি বলেন, ‘গত কয়েক দিনে মেয়েদের সঙ্গে বসে আমাকে সবকিছু আলোচনা করতে হয়েছে। সেদিন আসলে কী ঘটেছিল, তা তাদের বুঝিয়ে বলেছি। এ কারণেই ভিডিও প্রকাশ করতে কিছুটা সময় লেগেছে।’

নিজের ১২ বছর বয়সী মেয়ে আইভির প্রসঙ্গ টেনে ওয়ার্নার আরও বলেন, ‘মেয়ে জানতে চেয়েছিল, সেদিন টেলিভিশনে আমাকে কাঁদতে কাঁদতে কেন তাকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছিল। মেয়েদের কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করা আমার জন্য খুব কঠিন ছিল।’