tanaka
প্রচ্ছদজাতীয়পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষের

পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষের

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। সোমবার (৯ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে এ তথ্য জানানো হয়।

সভা শেষে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, ‘এক নম্বর গ্রেডে আমরা ৪৮ হাজার টাকা, দুই নম্বর গ্রেডে ৪৩ হাজার টাকা, তিন নম্বর গ্রেডে ৩৮ হাজার টাকা এবং চার নম্বর গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি দাবি করেছি। এ ছাড়া নতুন যোগ দেওয়া শ্রমিকদের জন্য শিক্ষানবিশকালীন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছি।’

চলমান শ্রমিক অসন্তোষের কারণে দ্বিতীয় সভায় মালিকপক্ষের পক্ষ থেকে কোনো মজুরি প্রস্তাব দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের বলেন, আগামী চার কার্যদিবসের মধ্যে মালিকপক্ষ তাদের মজুরি কাঠামোর সুপারিশ জমা দেবে। এরই মধ্যে শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব দাখিল করেছে।

তিনি আরও জানান, পরবর্তী সভার আগে শ্রমঘন শিল্প এলাকার বিভিন্ন কারখানা পরিদর্শন করবে মজুরি বোর্ড।

এর আগে গত বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভা শেষে জানানো হয়েছিল, তৈরি পোশাকশিল্পে নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। আর শ্রমিকরা জানুয়ারি থেকে বর্ধিত বেতন হাতে পাবেন।

মজুরি বোর্ডের প্রথম সভার পর ঢাকার সাভার-আশুলিয়া ও গাজীপুর এলাকায় পোশাকশ্রমিকদের অসন্তোষ কিছুটা কমলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। রোববার (৮ নভেম্বর) এ দুই এলাকার ৩৮টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে।

উল্লেখ্য, মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করে আসছেন পোশাকশ্রমিকরা। তাদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে সরকার গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।

বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন। আর শ্রমিকপক্ষের প্রতিনিধি হলেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার।

এ ছাড়া শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।