tanaka
প্রচ্ছদজাতীয়মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য অর্জনে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, শিল্পায়ন ত্বরান্বিত করা এবং অবকাঠামোগত উন্নয়নে সরকার কাজ করছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাটের মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি করতে হবে। মোংলার ভৌগোলিক অবস্থান, সমুদ্রবন্দর এবং আঞ্চলিক যোগাযোগব্যবস্থার কৌশলগত সুবিধা কাজে লাগিয়ে এ অঞ্চলে শিল্পকারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতিতে মোংলার অবদান আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশের পক্ষে ইনভেস্ট বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। এর ফলে বাংলাদেশ ও চীনের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হওয়ার পাশাপাশি দেশের অবকাঠামো উন্নয়নে চীনা বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সমঝোতা স্মারকের আওতায় গৃহীত উদ্যোগগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হলে মোংলাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্পায়ন, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বিশেষ করে মোংলা সমুদ্রবন্দরকে কেন্দ্র করে শিল্প ও লজিস্টিকস খাতের সম্প্রসারণ এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করতে পারে।