tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনআদালত চত্বরে পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আদালত চত্বরে পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জামিন পাওয়ার পর আদালত থেকে বের হওয়ার সময় তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে ধাক্কাধাক্কি ও মারধরের অভিযোগ উঠেছে। একই সঙ্গে পরীমনির বিরুদ্ধেও এক সাংবাদিকের হাতে খামচি দেওয়া এবং অন্য সংবাদকর্মীদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ ঘটনায় সাংবাদিক, একজন বিচারপ্রার্থীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে প্রায় ১০ জন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়ে আদালত প্রাঙ্গণে আসেন পরীমনি। তবে জামিনের পর আদালত থেকে বের হওয়ার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় অভিনেত্রীর নিরাপত্তাকর্মীরা সাংবাদিক ও সাধারণ মানুষের সঙ্গে ধাক্কাধাক্কি এবং দুর্ব্যবহার করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। ‘আগামীর সময়’-এর প্রতিবেদক সিয়াম হোসেনের দাবি, পরীমনি নিজেই তার হাতে খামচি দিয়েছেন। অন্যদিকে, ‘সমকাল’-এর প্রতিবেদক রবিউল হোসেন অভিযোগ করেন, অভিনেত্রী তার মোবাইল ফোন কেড়ে নেন।

এ ছাড়া ‘জাগো নিউজ’-এর প্রতিবেদক আশিকুজ্জামানের মোবাইল ফোনও কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিরাপত্তাকর্মীদের ধাক্কাধাক্কি ও মারধরে ‘জাগো নিউজ’-এর নিজস্ব প্রতিবেদক আশিকুজ্জামান এবং মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল কাউছার আহত হন। আশিকুজ্জামানের পিঠে এবং কাউছারের কাঁধ ও হাতে আঘাত লাগে। পরে আহত আশিকুজ্জামানকে দ্রুত আদালতের পাশের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

উল্লেখ্য, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আদালতে অনুপস্থিত থাকায় গত বুধবার (৪ নভেম্বর) পরীমনির জামিন বাতিল করেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর পরদিন বৃহস্পতিবার সকালে আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন এই অভিনেত্রী। পরে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।