tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রকে মোজতবা খামেনির হুঁশিয়ারি, নতুন হামলা হলে জবাব হবে আরও ব্যাপক

যুক্তরাষ্ট্রকে মোজতবা খামেনির হুঁশিয়ারি, নতুন হামলা হলে জবাব হবে আরও ব্যাপক

ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে তার জবাব আরও ব্যাপক পরিসরে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, ‘বিশ্বব্যাপী আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই দিবস’ উপলক্ষে দেওয়া এক বার্তায় এ হুঁশিয়ারি দেন খামেনি।

বার্তায় মোজতবা খামেনি বলেন, হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা ওয়াশিংটনের সামরিক পদক্ষেপের পাল্টা জবাব।

তিনি বলেন, ‘এ ধরনের আগ্রাসন আবার ঘটলে এর জবাব আরও ব্যাপক মাত্রা ধারণ করবে।’

এ সময় মধ্যপ্রাচ্যের ‘প্রতিরোধ ফ্রন্ট’-এর কর্মকাণ্ডেরও প্রশংসা করেন ইরানের সর্বোচ্চ নেতা। ফিলিস্তিন, লেবানন, ইরাক ও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডকে তিনি ‘বিচক্ষণ ও শক্তিশালী বীরত্বপূর্ণ কর্মকাণ্ড’ বলে অভিহিত করেন।

খামেনি বলেন, সাম্প্রতিক ঘটনাবলি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সীমাবদ্ধতা তুলে ধরেছে। একই সঙ্গে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘পরিপূর্ণ উন্নয়নের মাধ্যমে আরও শক্তিশালী ইরান গড়ার কৌশল অব্যাহত রাখাই পূর্ণাঙ্গ প্রতিরোধক্ষমতা অর্জনের একমাত্র পথ।’