tanaka
প্রচ্ছদসারাদেশগাজীপুরে যানচলাচল স্বাভাবিক, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

গাজীপুরে যানচলাচল স্বাভাবিক, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

গাজীপুর শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), শিল্প পুলিশ (এসআরবি) ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ও নজরদারি।

বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের দুটি মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত জেলার কোথাও শ্রমিক বিক্ষোভ কিংবা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলও ছিল স্বাভাবিক।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শ্রমিক আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত সোমবার (২ নভেম্বর) ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। মঙ্গলবার তা বাড়িয়ে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১১ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করে। বুধবার আরও এক প্লাটুন বাড়িয়ে মোট ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ৮ প্লাটুন এসআরবি ও ৫ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

প্রশাসন জানিয়েছে, বিজিবি, এসআরবি ও আনসারের সমন্বয়ে মোট ২৫ প্লাটুন সদস্য গাজীপুর শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। তাঁদের কার্যক্রম তদারকি ও নেতৃত্ব দিচ্ছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এদিকে শ্রমিকদের মধ্যে আন্দোলন না করার বিষয়ে সচেতনতা তৈরিতে মাঠে রয়েছেন গাজীপুর-১ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য মজিবুর রহমান। বুধবার সকাল থেকেই তিনি মহাসড়কে অবস্থান নেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় নেতাকর্মীদের নিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেন।

গাজীপুরে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন। তিনি বলেন, গত কয়েক দিন ধরে চলা শ্রমিক আন্দোলনের বিষয়ে শ্রমিকদের মধ্যে ধীরে ধীরে উপলব্ধি তৈরি হচ্ছে যে তাঁদের দাবি-দাওয়া পূরণে সরকার ও রাষ্ট্র কাজ করছে। এ কারণে তাঁরা আন্দোলনে আগ্রহ হারাচ্ছেন এবং কর্মসূচিতে আসতে চাইছেন না।

পুলিশ সুপার আরও বলেন, বর্তমান পরিস্থিতি দেখলেই বোঝা যায়, সড়ক-মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যানবাহন চলছে, সার্বিক পরিস্থিতিও এখন স্বাভাবিক।