tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকস্পেনে ট্রেন দুর্ঘটনায় ৬৯ প্রাণহানি,পদত্যাগের ঘোষণা পরিবহনমন্ত্রীর

স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৬৯ প্রাণহানি,পদত্যাগের ঘোষণা পরিবহনমন্ত্রীর

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬৯ জন নিহত হওয়ার ছয় দিন পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির আইনপ্রণেতাদের সামনে দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি নিয়ে দীর্ঘ শুনানিতে বক্তব্য দেওয়ার পর তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

অস্কার পুয়েন্তে বলেন, এক বছরেরও কম সময়ের মধ্যে দুটি বড় দুর্ঘটনার পর স্পেনের মতো একটি দেশের পরিবহনমন্ত্রীর দায়িত্বে থাকা তাঁর পক্ষে আর সম্ভব নয়। দুর্ঘটনার পরপরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও জানান। তবে এত দিন বিষয়টি প্রকাশ্যে আনেননি।

গত ২৮ অক্টোবর মাদ্রিদের দক্ষিণাঞ্চলে একটি দ্রুতগতির ট্রেনের সঙ্গে রেললাইনে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রেনের সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান ৬৯ জন। মাদ্রিদ-সেভিয়া রেলপথে নিরাপত্তাব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট যোগাযোগব্যবস্থা বিকল হয়ে পড়ার পর দুর্ঘটনার সূত্রপাত হয়।

এ পরিস্থিতিতে মাদ্রিদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের নির্দেশনায় রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান রেনফের একটি দ্রুতগতির ট্রেনকে চলাচলের অনুমতি দেওয়া হয়। অথচ একই রেললাইনে বেসরকারি প্রতিষ্ঠান ইরিও পরিচালিত আরেকটি ট্রেন তখন দাঁড়িয়ে ছিল। পরবর্তী সময়ে ট্রেন দুটির সংঘর্ষে ঘটে ভয়াবহ প্রাণহানির ঘটনা।

চলতি বছর মাদ্রিদ-সেভিয়া রেলপথে এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা। এর আগে গত জানুয়ারিতে একই রেলপথের আরও দক্ষিণে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। ওই দুর্ঘটনায় প্রাণ হারান ৪৬ জন। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত এখনো চলছে।

পরপর দুটি বড় দুর্ঘটনায় স্পেনের রেল যোগাযোগব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে জাতীয় নির্বাচনের মাত্র চার সপ্তাহ আগে সর্বশেষ দুর্ঘটনাটি দেশটির পরিবহন খাতের নিরাপত্তাব্যবস্থাকে রাজনৈতিক ও জনআলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

বিশ্বের দ্রুতগতির রেল নেটওয়ার্কের বিস্তৃতির দিক থেকে চীনের পরই স্পেনের অবস্থান। তিন দশকেরও বেশি সময় আগে দেশটিতে দ্রুতগতির রেল চলাচল শুরু হয়। চলতি বছরের আগে এই নেটওয়ার্কে প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা ঘটেনি বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে, রেল নেটওয়ার্কের নিরাপত্তা জোরদারে মঙ্গলবার বেশ কয়েকটি পদক্ষেপের ঘোষণা দিয়েছে স্পেন সরকার। এর মধ্যে রেল নিয়ন্ত্রণকক্ষের পরিবেশ ও কার্যক্রমের উন্নয়ন এবং ইউরোপীয় মানসম্মত রেল ট্রাফিক ব্যবস্থাপনা ও সিগন্যালিং প্রযুক্তি দ্রুত চালুর উদ্যোগ রয়েছে।