হবিগঞ্জে জীববৈচিত্র্য ফেডারেশনের উদ্যোগে ১৩৭টি সাপ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে ১৩৫টি সাপের জন্ম হয়েছে পরিবেশকর্মী রবি কস্তার বাড়িতে। সাপের সংখ্যা বেড়ে যাওয়ায় সেগুলো নিয়ে কিছুটা বিপাকে পড়েন তিনি। পরে বন বিভাগের কাছে সাপগুলো হস্তান্তর করা হয়।
মঙ্গলবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এলাকায় বন বিভাগের কার্যালয়ে সাপগুলো হস্তান্তর করা হয়। এগুলো গ্রহণ করেন প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন।
রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, সাপের সংখ্যা বেশি হওয়ায় সেগুলো রেমা-কালেঙ্গা ও সাতছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যসহ বিভিন্ন বনে অবমুক্ত করা হবে।
হবিগঞ্জ জীববৈচিত্র্য ফেডারেশনের জেলা শাখার সদস্য ও পরিবেশকর্মী রবি কস্তার বাড়িতে প্রায় এক মাস আগে সাপের ডিম রাখা হয়েছিল। পরে ওই ডিম থেকে ১৩৫টি বাচ্চা ফোটে। সাপের সংখ্যা বেড়ে যাওয়ায় সেগুলো সামলাতে কিছুটা সমস্যায় পড়েন তিনি। পরে সাপগুলো বড় হলে নিরাপদে অবমুক্ত করার জন্য বন বিভাগের কাছে নিয়ে আসা হয়।



