বায়ার্ন মিউনিখের জার্সিতে গোলের পর গোল করে চলেছেন হ্যারি কেইন। তবে ইংলিশ এই স্ট্রাইকারের খেলা এখন আর শুধু গোল করার মধ্যে সীমাবদ্ধ নেই। দলের আক্রমণ গড়ে তুলতে প্রায়ই মাঝমাঠে নেমে আসেন তিনি। নিজের খেলার ধরনে এই পরিবর্তনের পেছনে সাবেক কোচ জোসে মরিনিওর বড় অবদান দেখছেন কেইন।
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের কৌশলগত পরিবর্তন নিয়ে কথা বলেন বায়ার্নের এই ফরোয়ার্ড। এ সময় মরিনিওর কাছ থেকে পাওয়া স্বাধীনতার কথাও তুলে ধরেন তিনি।
কেইন জানান, ক্যারিয়ারের শুরুর দিকে যুব দলে বিভিন্ন পজিশনে খেলেছেন। তবে টটেনহ্যামে যোগ দেওয়ার পর মূলত ‘নম্বর নাইন’ বা প্রচলিত স্ট্রাইকার হিসেবে নিজেকে গড়ে তোলার দিকে মনোযোগ দেন।
২০১৯ সালে মরিনিও টটেনহ্যামের দায়িত্ব নেওয়ার পর কেইনের খেলায় নতুন মাত্রা যুক্ত হয়। পর্তুগিজ এই কোচ তাঁকে মাঠে আরও স্বাধীনভাবে খেলার সুযোগ দিয়েছিলেন বলে জানান ইংলিশ অধিনায়ক।
কেইনের ভাষায়, ‘জোসে আসার পর আমাকে অনেক স্বাধীনতা দিয়েছিলেন। পাস দেওয়ার দক্ষতা আমার অন্যতম শক্তি ছিল। কিন্তু সবাই আমাকে মূলত গোলদাতা ও একজন খাঁটি স্ট্রাইকার হিসেবেই দেখত। তাই আমার এই দিকটি খুব একটা চোখে পড়েনি।’
বায়ার্ন মিউনিখের বর্তমান খেলার ধরনেও নিজের দক্ষতার পূর্ণ ব্যবহার করতে পারছেন বলে মনে করেন কেইন। তিনি বলেন, ‘বায়ার্নে আমরা যেভাবে খেলি, তা আমার এবং দলের অনেকের জন্যই বেশ উপযোগী। প্রতিপক্ষের বিপক্ষে আমরা কতটা আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারি, সেটি দেখানোর সুযোগ পাই। মাঠে বিভিন্ন ভূমিকায় অবদান রাখার সামর্থ্য আমার রয়েছে, বিষয়টি দিন দিন আরও ভালোভাবে বুঝতে পারছি।’
কেইনের বক্তব্যে স্পষ্ট, মরিনিওর অধীনে খেলার সময় পাওয়া স্বাধীনতা তাঁর খেলায় নতুন মাত্রা যোগ করেছিল। আর বায়ার্নে এসে সেই বহুমুখী দক্ষতাকে আরও কার্যকরভাবে কাজে লাগাচ্ছেন এই ইংলিশ স্ট্রাইকার।



