পটুয়াখালীর দুমকিতে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সরকারি জনতা কলেজ ছাত্রদলের সহসভাপতি শফিকুল ইসলাম ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে।
তবে এ ঘটনাকে কেন্দ্র করে পাল্টা চাঁদাবাজির অভিযোগও উঠেছে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমানের বিরুদ্ধে বালুর ব্যবসাকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগ করেছেন মামলার প্রধান আসামি দুমকি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিব হাওলাদার।
মামলার এজাহারে খলিলুর রহমান উল্লেখ করেন, শনিবার আসামিরা একটি দোকানের সামনে তাকে গালিগালাজ ও মারধর করেন। এ সময় তার সঙ্গে থাকা ২১ হাজার ৫০০ টাকা নিয়ে যান তারা। আসামিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তার বিরোধ চলছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, রাকিব হাওলাদারের অভিযোগ, ড্রেজারের লাইন টানাকে কেন্দ্র করে বিএনপি নেতা খলিলুর রহমান তাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ নিয়ে তার সঙ্গে তর্কবিতর্ক হয়। গ্রেফতারের আগে ছাত্রদল নেতা ইমরানও এ বিষয়ে বিএনপি নেতা খলিলুরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন।
তবে পুলিশ জানিয়েছে, ছাত্রদল নেতার করা চাঁদাবাজির অভিযোগের প্রাথমিক সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি।
অভিযোগ অস্বীকার করে খলিলুর রহমান বলেন, নিজেদের বাঁচাতে তারা মিথ্যা প্রচার চালাচ্ছেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, মারধর ও টাকা নিয়ে যাওয়ার অভিযোগে দায়ের করা মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ছাত্রদল নেতার করা চাঁদাবাজির অভিযোগের বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত এর প্রাথমিক সত্যতা পাওয়া যায়নি।



