tanaka
প্রচ্ছদআন্তর্জাতিক‘আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’—রাহুল গান্ধীকে হিমন্তের হুঁশিয়ারি

‘আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠাব’—রাহুল গান্ধীকে হিমন্তের হুঁশিয়ারি

ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। একই সঙ্গে রাহুলকে আসামে আসার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘আসামে আসুন, আপনাকে ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেব।’ অনুপ্রবেশ ইস্যুতে কংগ্রেস ও রাহুল গান্ধীকে আক্রমণ করতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

রোববার (২ নভেম্বর) হিমাচল প্রদেশের শিমলায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও ও নৈরাজ্য দূর করো’ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন হিমন্ত। এর আগে দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের সমাবেশে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে রাহুল গান্ধীর কঠোর বক্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেস নেতাকে পাল্টা আক্রমণ করেন আসামের মুখ্যমন্ত্রী।

বক্তব্যে হিমন্ত বলেন, ‘বাংলাদেশিদের এখানে কোনো জায়গা নেই। রাহুলজি, বাংলাদেশিদের প্রতি আপনার যদি এতই দরদ থাকে, তাহলে বাংলাদেশে যান। সেখানে গিয়ে নির্বাচন করুন।’ এরপর রাহুলকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি বরং আসামে আসুন। আমি আপনাকে ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেব।’

রাহুলের বাংলাদেশের প্রতি কথিত সহানুভূতির প্রসঙ্গ টেনে হিমন্ত আরও বলেন, রাহুল আসামে এলে তিনি এবং পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তাঁর জন্য প্যারাসুটে অবতরণের ব্যবস্থা করবেন।

এ সময় কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন আসামের মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, কংগ্রেস আর কখনো ক্ষমতায় ফিরতে পারবে না। হিমন্ত বলেন, ভারতে সরকার পরিবর্তন হয় জনগণের ভোটে। ইলেকট্রনিক ভোটযন্ত্রের মাধ্যমে ভোটাররাই সরকার পরিবর্তন করেন। কংগ্রেস শুধু ইলেকট্রনিক ভোটযন্ত্রেই নয়, ব্যালট পেপারেও পরাজিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে বিভিন্ন রাজ্যের বিধান পরিষদের সদস্য নির্বাচনের বিষয়ও উল্লেখ করেন হিমন্ত।

এর আগে রোববার দিল্লির রামলীলা ময়দানে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমাবেশ করে বিরোধী জোট। ওই সমাবেশে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন রাহুল গান্ধী। তাঁকে দেশদ্রোহী আখ্যা দিয়ে কারাগারে পাঠানোর হুঁশিয়ারিও দেন লোকসভার বিরোধী দলনেতা।

রাহুল তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা অহিংসাবাদী। নরেন্দ্র মোদি কিংবা অমিত শাহ আমাদের শত্রু নন। কিন্তু মনে রাখতে হবে, যিনিই হোন না কেন, সংবিধানের চেয়ে বড় কেউ নন।’

রাহুল গান্ধীর বক্তব্যের পরপরই বিজেপির পক্ষ থেকে পাল্টা রাজনৈতিক প্রতিক্রিয়া আসে। এরই ধারাবাহিকতায় তাঁকে লক্ষ্য করে মন্তব্য করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।