tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকস্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত বেড়ে ৬৪

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত বেড়ে ৬৪

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। দেশটির কাস্তিয়া-লা মাঞ্চা আঞ্চলিক সরকার এ তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনার কবলে পড়া দুটি ট্রেনে ৫০০ জনের বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে। খবর বিবিসির।

কাস্তিয়া-লা মাঞ্চার কর্মকর্তারা জানান, বেসরকারি রেল অপারেটর ‘ইরিয়ো’র একটি ট্রেনে ১৪৭ জন এবং অপর ট্রেনটিতে ৩৯৭ জন যাত্রী ছিলেন। তবে ইরিয়োর ট্রেনটি থেমে থাকা অবস্থায় পেছন থেকে আসা দ্রুতগতির ট্রেনটি সেটিকে ধাক্কা দিয়েছিল কি না, তা এখনো নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দুর্ঘটনাস্থল উরদা শহরটি রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আহতদের উদ্ধার ও চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে।

দুর্ঘটনার শিকার একটি ট্রেনের যাত্রী স্থানীয় গণমাধ্যমকে জানান, যাত্রা শুরুর প্রায় ৪০ মিনিট পর তিনি একটি তীব্র ধাক্কা অনুভব করেন। দুর্ঘটনার পর উদ্ধারকাজে দমকলকর্মী, প্যারামেডিক ও অন্যান্য জরুরি সেবাকর্মীদের পাশাপাশি তিনটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটির বিষয়টি বিবেচনা করছে সরকার। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।

এদিকে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রেন দুটির যাত্রীদের স্বজনদের তথ্য ও সহায়তা দিতে দেশটির জাতীয় রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান রেনফে একটি হটলাইন চালু করেছে।

এ ঘটনায় স্পেনের পার্লামেন্ট দিনের নির্ধারিত সব কর্মসূচি বাতিল করেছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার খবরে গভীরভাবে মর্মাহত হওয়ার কথা জানিয়েছেন। একই সঙ্গে আহত ব্যক্তিদের ও তাদের পরিবারের প্রতি সংহতি এবং সমর্থন প্রকাশ করেছেন তিনি।

উল্লেখ্য, গত জানুয়ারিতে একই রুটে দুটি ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছিলেন। পরপর এমন প্রাণঘাতী দুর্ঘটনা দেশটির রেল নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।