ইসরাইলে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আরব রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ডানপন্থী দল ‘ইসরাইল ফার্স্ট’-এর প্রধান শারেন হাস্কেল। দেশটির ফিলিস্তিনি বংশোদ্ভূত নাগরিকদের ব্যাপক হারে ভোট দিতে উদ্বুদ্ধ করার জন্য অতি-ডানপন্থী নেতাদের দায়ী করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইসরাইলের সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী হাস্কেল অভিযোগ করেন, অতি-ডানপন্থী নেতা ইতামার বেন-গ্যভির ও বেজালেল সমোত্রিচের কর্মকাণ্ডের কারণে ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরাইলি নাগরিকরা বিপুল সংখ্যায় ‘জায়নবাদবিরোধী’ দলগুলোকে ভোট দিয়েছেন।
এ পরিস্থিতি মোকাবিলায় প্রতিদ্বন্দ্বী ইহুদি রাজনৈতিক দলগুলোকে একত্র করে একটি ‘বৃহৎ জাতীয় সরকার’ গঠনের প্রস্তাব দিয়েছেন হাস্কেল। তাঁর প্রস্তাবিত সরকারে কোনো আরব প্রতিনিধি কিংবা আরবদের সমর্থনপুষ্ট রাজনৈতিক দল থাকবে না।
ইসরাইলি সেনাবাহিনীতে অতি-অর্থোডক্স ইহুদিদের বাধ্যতামূলক নিয়োগসংক্রান্ত একটি প্রস্তাবিত আইন নিয়ে বিরোধের জেরে গত জুলাইয়ে উপপররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন হাস্কেল। এরপর তিনি ‘ইসরাইল ফার্স্ট’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। দলটি আরব ও অতি-অর্থোডক্স ইহুদি—উভয় গোষ্ঠীকে বাদ দিয়ে একটি স্বতন্ত্র ও ঐক্যবদ্ধ জায়নবাদী সরকার প্রতিষ্ঠার পক্ষে প্রচার চালিয়ে আসছে।
ইসরাইলের পার্লামেন্টে আসন পেতে রাজনৈতিক দলগুলোর ন্যূনতম ৩ দশমিক ২৫ শতাংশ ভোট পাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। জনমত জরিপে হাস্কেলের দলের সমর্থন এই সীমার নিচে থাকলেও নিজের রাজনৈতিক অবস্থান থেকে সরে আসেননি তিনি।
হাস্কেল জানিয়েছেন, যে নীতির পক্ষে তিনি লড়াই করছেন, তা নিয়ে আগের যেকোনো সময়ের চেয়ে এখন আরও বেশি গর্বিত।
সূত্র: আল-জাজিরা



