প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি দুটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রায় ২৯৫ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।
স্বাক্ষরিত দলিলগুলোতে সামুদ্রিক নিরাপত্তা, অর্থনৈতিক সম্পর্ক জোরদার, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর চলমান জাপান সফরের অর্জন সম্পর্কে এসব তথ্য জানান উপপ্রেস সচিব শাহাদাত স্বাধীন।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরটি শেষ হচ্ছে ২৯ অক্টোবর।
সামুদ্রিক নিরাপত্তায় টহল জাহাজ দেবে জাপান
বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে একটি টহল জাহাজ সরবরাহের জন্য সর্বোচ্চ ২ দশমিক ১২ বিলিয়ন জাপানি ইয়েন, যা প্রায় ১৩ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলারের সমান, অনুদান দেওয়ার চুক্তি হয়েছে।
এ ছাড়া জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও ব্যবসায়িক পরিবেশের উন্নয়নে সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওসি) স্বাক্ষরিত হয়েছে।
কৃষি, মৎস্য ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা
কৃষি খাতে সহযোগিতা সম্প্রসারণে জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। একইভাবে মৎস্য ও প্রাণিসম্পদ খাতেও দুই দেশের মধ্যে পৃথক সহযোগিতা স্মারক সই হয়েছে।
এ ছাড়া দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এমপ্লয়মেন্ট ফর স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইএসডিপি) বিষয়ে একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও এ-সংক্রান্ত সহযোগিতা জোরদারে জাপানের পরিবেশ মন্ত্রণালয় এবং বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মধ্যে একটি আগ্রহপত্র (এলওআই) সই হয়েছে।
দুটি উন্নয়ন প্রকল্পে প্রায় ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ
সফরে বাংলাদেশের দুটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মোট ৪৬ দশমিক ৫৬ বিলিয়ন জাপানি ইয়েন, যা প্রায় ২৯৫ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের সমান, ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।
এর মধ্যে বিনিয়োগ পরিবেশের উন্নয়নবিষয়ক একটি প্রকল্প বাস্তবায়নে ১৫ দশমিক ৮৮ বিলিয়ন জাপানি ইয়েন বা প্রায় ১০০ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়া হবে।
অন্যদিকে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নে ৩০ দশমিক ৬৮ বিলিয়ন জাপানি ইয়েন বা প্রায় ১৯৪ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার ঋণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে আলোচনা
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল তাঁর সফরসঙ্গী হিসেবে জাপান সফর করছে।
ছয়টি সহযোগিতা চুক্তি স্বাক্ষর এবং দুটি প্রকল্পে ঋণের প্রতিশ্রুতিকে সফরের উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট উদ্যোগগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগ পরিবেশের অগ্রগতি, দক্ষতা বৃদ্ধি ও বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।



