tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকবঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি

বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টি হলে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে লঘুচাপটি তৈরি হতে পারে। এর প্রভাবে রোববার থেকে দেশের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির দেখা মিলতে পারে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে তামিলনাড়ু উপকূলের কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে এটি আরও ঘনীভূত হতে পারে।

আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই।

শুক্রবার (২৩ অক্টোবর) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। দেশের বিভিন্ন স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২৪ অক্টোবর) দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এদিন দিনের তাপমাত্রা প্রায় স্থির থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (২৫ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (২৬ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বাকি অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত দেশের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। তবে বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টি ও এর গতিপ্রকৃতির ওপর নির্ভর করে উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পরিস্থিতি পরিবর্তিত হতে পারে।