tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকজাতিসংঘের মহাসচিব পদে আমিরাতের প্রার্থী লানা নুসেইবেহ

জাতিসংঘের মহাসচিব পদে আমিরাতের প্রার্থী লানা নুসেইবেহ

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রতিযোগিতায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক লানা নুসেইবেহ। দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নে বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করা নুসেইবেহকে সরকার মনোনয়ন দেওয়ার পর তিনি নিজের প্রার্থিতার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রার্থিতা ঘোষণার পর দেওয়া বিবৃতিতে নুসেইবেহ বলেন, তার পেশাগত জীবনের উল্লেখযোগ্য সময় জাতিসংঘের সঙ্গে সংশ্লিষ্ট কাজের মধ্য দিয়ে কেটেছে। এ সময়ে তিনি দেখেছেন, দৃঢ় ও লক্ষ্যভিত্তিক কূটনীতি কীভাবে ইতিবাচক ফল আনতে পারে। আবার কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে তার পরিণতি কতটা গুরুতর হতে পারে, সেই অভিজ্ঞতাও হয়েছে তার।

নুসেইবেহ আরও বলেন, প্রতিশ্রুতি আর বাস্তব পদক্ষেপের মধ্যে দূরত্ব বাড়তে থাকলে মানুষের আস্থা দুর্বল হয়ে পড়ে। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কার্যকরভাবে কাজ করার সক্ষমতাও কমে যায়।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, মহাসচিব পদে নির্বাচনী প্রচারে মনোযোগ দেওয়ার জন্য বর্তমানে আমিরাত সরকারের দায়িত্ব থেকে ছুটিতে রয়েছেন নুসেইবেহ।

এদিকে জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা। তার উত্তরসূরি নির্ধারণে প্রক্রিয়া চললেও এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নিরাপত্তা পরিষদ।

গত ১৬ অক্টোবর মহাসচিব নির্বাচন নিয়ে নিরাপত্তা পরিষদে ষষ্ঠ দফার ভোটাভুটি অনুষ্ঠিত হয়। তবে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স—পরিষদের এই পাঁচ স্থায়ী সদস্যের কাছে গ্রহণযোগ্য কোনো একক প্রার্থী এখনো নির্ধারিত হয়নি।

এমন পরিস্থিতিতে লানা নুসেইবেহের আনুষ্ঠানিক প্রার্থিতা মহাসচিব নির্বাচনের প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে।