আসন্ন শারদীয় দুর্গাপূজায় নাশকতা বা চক্রান্ত যাতে কেউ সৃষ্টি করতে না পারে, সেজন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, “দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনও ধরনের ষড়যন্ত্র বা নাশকতা করতে না পারে, সেজন্য বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমমনা দল ও সাধারণ জনগণকে সতর্ক থাকতে হবে। শান্তি ও সহাবস্থানের মধ্য দিয়ে দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হওয়া জরুরি।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “সারা দেশের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবেন। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে সমান স্বাচ্ছন্দ্যে ও উৎসাহে নিরাপত্তার মধ্যে পূজার আনন্দ ভাগ করে নিতে পারেন, সে বিষয়ে সহযোগিতা করতে হবে।”
হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “একটি জাতির যেকোনও ধর্মীয় উৎসব অন্য সম্প্রদায়ের মাঝেও শুভেচ্ছা ও সৌহার্দ্য জাগায়। বাংলাদেশেও যুগ যুগ ধরে মর্যাদা ও মহিমার সঙ্গে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে। তবে মাঝে মাঝে স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রের মাধ্যমে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করে। আমাদের সবাইকে সজাগ থেকে তা প্রতিহত করতে হবে।”
তিনি যোগ করেন, “বাংলাদেশ আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল ঐতিহ্য বহন করে আসছে। এই ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে আমাদের দৃঢ় থাকতে হবে।”
উল্লেখ্য, আগামী ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। প্রতিপদ তিথি অনুযায়ী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর মহাঅষ্টমী, ৩০ সেপ্টেম্বর মহানবমী এবং ১ অক্টোবর বিজয়া দশমী অনুষ্ঠিত হবে।



