বিশেষজ্ঞরা সুপারিশ করেছেন, জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো সংবিধান আদেশ (সিও) দ্বারা বাস্তবায়ন করা হোক। এরপর আগামী জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে মিলিয়ে গণভোটের মাধ্যমে জনগণের বৈধতা গ্রহণ করা যেতে পারে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় ধাপের সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন এই বিষয়টি আলোচনা করেন। এর আগে, গত রোববার বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে জুলাই ঘোষণাপত্রের ২২ ধারা অনুযায়ী সংবিধান আদেশের মাধ্যমে সাংবিধানিক বিষয়গুলো বাস্তবায়নের পরামর্শ দেন তারা।
বিশেষজ্ঞরা বলেন, অন্তর্বর্তী সরকার মৌলিক সংস্কারগুলো অন্তর্ভুক্ত করে জুলাই সনদের ভিত্তিতে সংবিধান আদেশ জারি করতে পারে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। পাশাপাশি, এই সংবিধান আদেশ আগামী সাধারণ নির্বাচনের দিনে গণভোটে উপস্থাপন করা যেতে পারে। যদি জনগণ অনুমোদন দেয়, আদেশটি প্রণয়ন তারিখ থেকেই বৈধ হিসেবে গণ্য হবে।



