tanaka

বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতি: জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক কূটনীতিতে জোর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণকে অগ্রাধিকার দিয়ে ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। অর্থনৈতিক কূটনীতি সম্প্রসারণ, আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য রক্ষা এবং সার্ক পুনরুজ্জীবনও রয়েছে এ নীতির আলোচনায়।
প্রচ্ছদসারাদেশ৫২ বছর বয়সে ফের মা হওয়ার সুখবর দিলেন অস্কারজয়ী হিলারি সোয়াঙ্ক

৫২ বছর বয়সে ফের মা হওয়ার সুখবর দিলেন অস্কারজয়ী হিলারি সোয়াঙ্ক

৫২ বছর বয়সে তৃতীয় সন্তানের মা হতে চলেছেন দুইবারের অস্কারজয়ী হলিউড অভিনেত্রী হিলারি সোয়াঙ্ক। অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনার পরদিন, ১৫ অক্টোবর নিউইয়র্কে দেখা যায় এই অভিনেত্রীকে। এ সময় তার বেবি বাম্পের ছবি নজর কেড়েছে ভক্তদের।

এদিন নিউইয়র্কে ‘দ্য ড্রিউ ব্যারিমোর শো’-তে অংশ নেওয়ার পর অনুষ্ঠানস্থল থেকে বের হতে দেখা যায় হিলারিকে। তার পরনে ছিল হাতাকাটা টপ, নিচু কোমরের মাতৃত্বকালীন জিনস ও রঙিন বোনা কার্ডিগান। লাল ব্যাগ এবং গাঢ় নীল হিল জুতায় তার সাজে যোগ হয়েছিল ভিন্ন মাত্রা।

এর আগের দিন, ১৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে তৃতীয়বার মা হওয়ার সুখবর দেন অভিনেত্রী। ভিডিওতে তার স্বামী ফিলিপ স্নাইডার এবং তিন বছর বয়সী যমজ সন্তান আয়া ও ওমকেও দেখা যায়। পরিবারের চার সদস্যের হাতেই ছিল জ্বলজ্বলে রঙিন কাঠি। অন্ধকারে নাচতে নাচতে নতুন অতিথির আগমনের আনন্দ উদ্‌যাপন করেন তারা। হিলারির পেটেও ছোট নিয়ন কাঠি দিয়ে তৈরি করা হয়েছিল মানুষের অবয়ব।

ভিডিওটির ক্যাপশনে রসিকতা করে অভিনেত্রী লেখেন, ‘অনেকেই জানতে চাইছিলেন, পরবর্তী কোন প্রকল্পে কাজ করছি। এটি ডিসেম্বরে মুক্তি পাচ্ছে।’

তৃতীয়বার মা হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হিলারি। পিপল সাময়িকীকে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘অন্য সবার মতো আমিও জানতে পেরেছি যে আমি অন্তঃসত্ত্বা। পরীক্ষা করিয়ে জানতে পারলাম, আমি গর্ভবতী। আমি ভীষণ আনন্দিত, কৃতজ্ঞ এবং রোমাঞ্চিত।’

২০১৮ সালে উদ্যোক্তা ফিলিপ স্নাইডারকে বিয়ে করেন হিলারি। বিয়ের পাঁচ বছর পর, ২০২৩ সালে তাদের ঘরে জন্ম নেয় যমজ সন্তান আয়া ও ওম। এবার সেই পরিবারে আসতে চলেছে নতুন সদস্য।

এর আগে চল্লিশের শেষ দিকে প্রথমবার মা হওয়ার অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন অভিনেত্রী। ২০২৫ সালে উইমেনস হেলথ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আরও আগে সন্তান নেওয়ার সুযোগ পেলে হয়তো সে পথেই হাঁটতেন। তবে ৪৭ বছর বয়সে প্রথমবার মা হওয়ার সময়টিকে জীবনের বিশেষ এক অধ্যায় হিসেবেই দেখেন তিনি।

এ প্রসঙ্গে হিলারি বলেন, ‘আমি সক্রিয়ভাবে ৪৭ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করিনি। তবে জীবনের অনেক কিছু এক জায়গায় এসে মিলেছিল তখন। নানা কারণে সেটিই ছিল সঠিক সময়।’

সন্তানদের বড় করে তোলার অভিজ্ঞতা সম্পর্কেও খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। তার মতে, চল্লিশের শুরুর দিকে মা হলে হয়তো এখনকার মতো ধৈর্যশীল অভিভাবক হয়ে উঠতে পারতেন না। একই সঙ্গে সন্তানদের মনোজগৎ বোঝার প্রতিও তার আগ্রহ তৈরি হয়েছে। সন্তানরা কী ভাবছে, তাদের আচরণের পেছনে কী কারণ রয়েছে এবং তারা কীভাবে পৃথিবীকে দেখে—এসব বিষয় বুঝতে এখন বিশেষ গুরুত্ব দেন তিনি।

‘মিলিয়ন ডলার বেবি’ ও ‘বয়েজ ডোন্ট ক্রাই’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে অস্কার জিতেছেন হিলারি সোয়াঙ্ক। অভিনয়জীবনে সাফল্যের পাশাপাশি এবার তিন সন্তানের মা হিসেবে জীবনের নতুন এক অধ্যায়ের অপেক্ষায় রয়েছেন এই হলিউড তারকা।