tanaka
প্রচ্ছদআন্তর্জাতিক‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক, সৌদির নিরাপত্তায় ঐক্যবদ্ধ অঙ্গীকার

‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক, সৌদির নিরাপত্তায় ঐক্যবদ্ধ অঙ্গীকার

সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ সামরিক কর্মকর্তারা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ তিন দেশের সেনাপ্রধানদের এক জরুরি বৈঠকে সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা। খবর আল আরাবিয়ার।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক ও ইয়েমেনে ইরান-সমর্থিত মিলিশিয়াদের পক্ষ থেকে সৌদি আরবকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে রিয়াদে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিন দেশের সামরিক প্রতিনিধিরা সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতাকে কীভাবে তাৎক্ষণিক ও কার্যকর সামরিক পদক্ষেপে রূপ দেওয়া যায়, সে বিষয়ে মতবিনিময় করেন।

জোটের পারস্পরিক প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় কোনো একটি সদস্য দেশের ওপর হামলাকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। এর মাধ্যমে সদস্য দেশগুলোর নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও সমন্বিত করার ওপর জোর দেওয়া হয়।

এদিকে, সৌদি আরবের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশটির সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় সৌদি সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানরা।

বৈঠকে সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় তিন দেশের মধ্যে সামরিক সমন্বয় ও সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।