লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে হামলার চেষ্টা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া সময় এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাংলাদেশ হাইকমিশনের কালো বিএমডব্লিউ গাড়ি ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন এবং ডিম নিক্ষেপ করেন। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটি নিরাপদে সরিয়ে নেয়।
ঘটনার বিষয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান তার ফেসবুক পোস্টে ফ্যাসিবাদবিরোধী শক্তির বিভাজনের সুযোগে আওয়ামী লীগের পুনরায় সক্রিয় হওয়ার আশঙ্কা ও সতর্কবার্তা দেন। তিনি বলেন, “লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে ডিম নিক্ষেপ করে অপদস্ত করেছে আওয়ামী লীগ। আজকে হয়তো মাহফুজ আলম, আগামীকাল আপনি বা আমি।”
রাশেদ খান এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সতর্ক করেছেন, “অবস্থা দেখে মনে হচ্ছে, ফ্যাসিবাদবিরোধী শক্তির বিভাজনের সুযোগে আওয়ামী লীগ স্বরুপে ফিরবে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে আমরা এ সুযোগ করে দিচ্ছি। ভবিষ্যতে এর খেসারত চরমভাবে দিতে হবে।”



