tanaka
প্রচ্ছদজাতীয়টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব নিশ্চিত করার ওপর বাংলাদেশের জোর

টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব নিশ্চিত করার ওপর বাংলাদেশের জোর

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণে অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দিয়েছে বাংলাদেশ।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি (ডব্লিউপিএস) ফোকাল পয়েন্টস নেটওয়ার্ক’-এর বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ফিলিপাইন, ইতালি ও ইউএন উইমেনের যৌথ উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তাবিষয়ক রেজুলেশন ১৩২৫ গ্রহণের ২৫ বছর পূর্তি উপলক্ষে এর বাস্তবায়ন ও জবাবদিহি আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণের ওপর গুরুত্ব

বৈঠকে শামা ওবায়েদ ইসলাম বলেন, ২০০০ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে রেজুলেশন ১৩২৫ সমর্থনে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করেছিল। তিনি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি শান্তি প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ আরও বাড়ানো, জলবায়ু ও মানবিক কার্যক্রমে নারী, শান্তি ও নিরাপত্তা—এই ডব্লিউপিএস অ্যাজেন্ডাকে আরও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করা এবং নারীর বিরুদ্ধে সহিংসতা ও অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।

দ্বিতীয় জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের দ্বিতীয় জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) প্রণয়নের কাজ এগিয়ে চলছে।

তিনি বলেন, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রতিটি পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের নেতৃত্বের সুযোগ বাড়ানোকে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে।

ডিজিটাল হয়রানি ও এআই-নির্ভর সহিংসতার প্রসঙ্গ

নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর সহিংসতা মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর বিষয়টিও বৈঠকে তুলে ধরেন শামা ওবায়েদ।

প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে নারীদের বিরুদ্ধে অনলাইন হয়রানি ও নতুন ধরনের সহিংসতার ঝুঁকি বাড়ার বিষয়টি তুলে ধরে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া আসন্ন ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগ দিতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আমন্ত্রণ জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকের আলোচনায় নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডার বাস্তবায়ন, নারীর নেতৃত্ব জোরদার এবং সহিংসতা মোকাবিলায় জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।