বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও ব্যবহারযোগ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ডের দাপ্তরিক যোগাযোগ এবং অনলাইন সেবা নির্বিঘ্ন রাখতে প্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের দাপ্তরিক কার্যক্রম ও অনলাইন যোগাযোগ সহজ, নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ইআইআইএন নম্বরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নির্দিষ্ট সিম কার্ড ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ডটি সচল না থাকলে বোর্ড থেকে ওই প্রতিষ্ঠানের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করা সম্ভব হবে না।
এ ছাড়া, অনলাইন সেবা ব্যবহারের জন্য প্রয়োজনীয় ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) পাঠানোতেও জটিলতা দেখা দিতে পারে। ফলে প্রতিষ্ঠানের বিভিন্ন অনলাইন সেবা গ্রহণ ও ব্যবহারে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে বোর্ডের অনলাইন সেবা ও দাপ্তরিক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জরুরি ভিত্তিতে ইআইআইএনভিত্তিক নিবন্ধিত সিম কার্ড সক্রিয় ও ব্যবহারযোগ্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।



