tanaka
প্রচ্ছদসারাদেশরাজশাহীতে পাঁচ দিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩০

রাজশাহীতে পাঁচ দিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩০

রাজশাহীতে ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত পাঁচ দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৭ জন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১০৬ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। গত জুলাইয়ে রাজশাহীতে ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার পর এ পর্যন্ত রামেক হাসপাতালে এ রোগে মোট ১২ জনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামিম আহমেদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর হাসপাতালে নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। সেদিন চিকিৎসা শেষে ১২ জনকে ছাড়পত্র দেওয়া হয়। একই দিনে ডেঙ্গু আক্রান্ত মো. আনোয়ার মন্ডল (৫২) মারা যান। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, আনোয়ার মন্ডল ১৮ সেপ্টেম্বর রাতে রামেক হাসপাতালে ভর্তি হন। পরদিন ১৯ সেপ্টেম্বর সকালে তার মৃত্যু হয়। হাসপাতালের নথিতে তার মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু আক্রান্তের কথা উল্লেখ করা হয়েছে।

এর পরদিন ২০ সেপ্টেম্বর রামেক হাসপাতালে নতুন করে আরও ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। ওইদিন চিকিৎসা শেষে ১৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়। একই দিনে ডেঙ্গু আক্রান্ত ১৬ বছর বয়সী সাথী রাণীর মৃত্যু হয়। তার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়।

সাথী রাণী ১৯ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১টার দিকে রামেক হাসপাতালে ভর্তি হন। পরদিন ২০ সেপ্টেম্বর ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে ২১ সেপ্টেম্বর হাসপাতালে নতুন করে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। একই সময়ে ২৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পান। ওইদিন ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি। দিন শেষে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১০৪ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।

পরদিন ২২ সেপ্টেম্বর রামেক হাসপাতালে নতুন করে আরও ২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। ওইদিন চিকিৎসা শেষে ২৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়। একই দিনে আব্দুল করিম (৪৫) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। তার মৃত্যুর পর হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০৭ জনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আব্দুল করিম পেশায় কৃষক ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পোলাডাঙ্গা বটতলা এলাকায়। তিনি ১৬ সেপ্টেম্বর রাতে রামেক হাসপাতালে ভর্তি হন। ২২ সেপ্টেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সবশেষ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত রামেক হাসপাতালে নতুন করে আরও ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ২৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। তবে এদিন নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এ নিয়ে বুধবার দুপুর পর্যন্ত রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১০৬ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। গত পাঁচ দিনের মৃত্যু ও রোগী ভর্তির পরিসংখ্যানে রাজশাহী অঞ্চলে ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।