tanaka
প্রচ্ছদজাতীয়চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা

চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা

পলায়ন, নাশকতা, কর্মস্থলে অসদাচরণ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পুলিশের বিভিন্ন পর্যায়ের ৬৩ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তাদের মধ্যে বিভিন্ন জেলার সাবেক পুলিশ সুপার (এসপি), ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।

এরই মধ্যে চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিত থাকার ঘটনায় দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযুক্ত কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও পৃথক বিভাগীয় ও আইনগত কার্যক্রম চলছে।

‘বিচার করতে গিয়ে যেন কারও প্রতি অন্যায় না হয়’

একসঙ্গে একাধিক পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার যৌক্তিকতা নিয়ে সরকার ও প্রশাসন বিশ্লেষক এবং সাবেক সচিব এ কে এম আব্দুল আউয়াল মজুমদারের সঙ্গে কথা বলা হলে তিনি বলেন, সরকার নিশ্চয়ই আইন ও বিধিবিধান মেনেই অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ায় এগোচ্ছে।

তিনি বলেন, এ ধরনের ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশ প্রশাসনে নেতিবাচক প্রভাব না পড়লেও বিচারপ্রক্রিয়ায় সতর্কতা জরুরি। কোনো কর্মকর্তার প্রতি যেন অবিচার না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।

আউয়াল মজুমদারের ভাষ্য, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যারা ক্ষমতার অপব্যবহার বা বাড়াবাড়ি করেছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়টিও নিশ্চিত করা প্রয়োজন।

পলাতক ৩৩ কর্মকর্তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে পলাতক রয়েছেন—এমন ৩৩ জনকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বাইরে গত দুই বছরে পলাতক থাকার অভিযোগে শতাধিক পুলিশ কর্মকর্তা চাকরি হারিয়েছেন।

রংপুরের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. শাহ নূর আলম পাটওয়ারীও চাকরি হারানোর প্রক্রিয়ায় রয়েছেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে রায় দিয়েছেন। বর্তমানে তিনি পলাতক।

পলায়নের অভিযোগে চাকরি হারানোর পথে রয়েছেন সাবেক এসপি মো. আলী আশরাফ ভূঞা। রাজশাহী রেঞ্জের সাবেক পুলিশ সুপার জেসমিন কেকাও পলাতক। তার বিষয়ে তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা পড়েছে। ফলে তার বিরুদ্ধেও বরখাস্তের প্রক্রিয়া এগোচ্ছে।

রাজশাহী রেঞ্জের সাবেক পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাও পলাতক রয়েছেন। তাকে বরখাস্তের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বগুড়ার সাবেক এসপি সুদীপ কুমার চক্রবর্তী ইতোমধ্যে বরখাস্ত হয়েছেন। ফলে তার বিরুদ্ধে চলমান দ্বিতীয় বিভাগীয় মামলাটি স্থগিত করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি নূরে আলম মিনার বিরুদ্ধে তদন্ত চলছে। তিনি পলাতক থাকায় তার চাকরিও বহাল থাকার সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ডিএমপির সাবেক ডিআইজি কাজী মনিরুজ্জামানের বিরুদ্ধেও চাকরিচ্যুতির প্রক্রিয়া চলছে। দীর্ঘদিন পলাতক থাকার অভিযোগে এ কে এম এহসানউল্লাহর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ছাড়া পলাতক কর্মকর্তাদের তালিকায় রয়েছেন ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন, ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম, রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান, পুলিশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এন্টি টেররিজম ইউনিটের সাবেক পুলিশ সুপার মো. আবু মারুফ হোসেন, এপিবিএনে সংযুক্ত ডিআইজি হাসানুজ্জামান মোল্যা, নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হাসান আরাফাত, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জামালপুরের সাবেক জেলা কমান্ড্যান্ট জে এম ইমরান, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাবেক এসপি মো. রহমত উল্লাহ চৌধুরী, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান, লক্ষ্মীপুরের সাবেক এসপি মো. তারেক বিন রশিদ এবং ট্যুরিস্ট পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী।

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেলকে বরখাস্তের আদেশ চূড়ান্ত করতে রাষ্ট্রপতির কাছে সার-সংক্ষেপ পাঠানো হয়েছে।

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত, মিলছে না জবাব

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় বেআইনিভাবে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের অনেকেই বর্তমানে পলাতক।

সূত্রের দাবি, তাদের কেউ কেউ পার্শ্ববর্তী দেশে এবং কেউ আমেরিকা বা ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করছেন। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার পাশাপাশি বারবার কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলেও অনেকে তাতে সাড়া দেননি।

এ অবস্থায় তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। তদন্তের প্রয়োজনে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। কেউ কেউ নোটিশের জবাব দিলেও সেসব জবাব সন্তোষজনক নয় বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আর চাকরিতে রাখার সুযোগ নেই বলে মনে করছে মন্ত্রণালয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াতেই এগোচ্ছে সরকার।

আরও যাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা চলছে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ঢাকা হাইওয়ে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মীর মোদাচ্ছের হোসেনের নথি উপস্থাপনের কার্যক্রম চলছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ২৪ আনসার ব্যাটালিয়নের সাবেক পরিচালক মুহাম্মদ মেহেদী হাসানের বিরুদ্ধে খসড়া অভিযোগনামা ও অভিযোগ বিবরণী পাঠানোর জন্য চিঠি দেওয়া হয়েছে। তাকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জে সংযুক্ত করে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গাইবান্ধার সাবেক এসপি মো. কামাল হোসেনের বিভাগীয় মামলা প্রায় নিষ্পত্তির পর্যায়ে রয়েছে। পুলিশ অধিদপ্তরে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের মামলাও চলমান। তাকে ব্যক্তিগত শুনানিতে ডাকা হলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি উপস্থিত হননি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসিম উদ্দিনের মামলাও পর্যালোচনা করা হচ্ছে। গাইবান্ধা পিবিআইয়ের সাবেক এসপি রাজীব ফরহানের মামলা ব্যক্তিগত শুনানির অপেক্ষায় রয়েছে। একই অবস্থায় রয়েছে নাটোর সার্কেলের সাবেক এএসপি মো. আপেল মাহমুদের মামলাও।

দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ ৯ কর্মকর্তাকে

প্রথম দফায় কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ায় পলাতক নয় কর্মকর্তাকে দ্বিতীয় দফায় নোটিশ দেওয়া হয়েছে।

তারা হলেন—সাবেক আরপিএমপি-রংপুরের রুবাইয়াত জামান, অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছান, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম মো. আখতারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রওশানুল হক সৈকত, ডিএমপির সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম শামীম, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুল এবং সহকারী পুলিশ সুপার নাহিদ ফেরদৌস।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, তাদের কেউই বর্তমানে দেশে নেই। ফলে তাদের বিরুদ্ধেও চাকরিচ্যুতির প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। কয়েকজন সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত—এমন তথ্য গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে বলেও সূত্র দাবি করেছে।

নাশকতার অভিযোগে তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের তিন কর্মকর্তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে বিভাগীয় মামলা চলছে।

সাময়িক বরখাস্ত হয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জে সংযুক্ত মুহাম্মদ মেহেদী হাসানের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। তার চাকরিও না থাকার সম্ভাবনা রয়েছে।

একই ধরনের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত মো. ফখরুল আলমের বিরুদ্ধেও মামলা হয়েছে।

অন্যদিকে সাময়িক বরখাস্ত হওয়া এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জে সংযুক্ত সৈয়দ ইফতেহার আলীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে করা বিভাগীয় মামলার পুনঃতদন্ত চলছে।

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে চার কর্মকর্তা

কর্মস্থলে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, তাদের বিরুদ্ধেও চাকরিচ্যুতির প্রক্রিয়া এগোচ্ছে। তবে পিএসসির মতামত ও রাষ্ট্রপতির অনুমোদনের পরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

সাময়িক বরখাস্ত এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ঠাকুরগাঁও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক কমান্ড্যান্ট এস এম ফজলুল হকের বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে দ্বিতীয় কারণ দর্শানোর উপস্থাপন করা হয়েছে।

রংপুরের সাবেক উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শিবলী কায়সারের বিরুদ্ধে অসদাচরণের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হয়েছে। তাকে বরখাস্তের বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে।

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে কক্সবাজারের সাবেক এসপি মুহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে করা মামলার তদন্ত চলছে। এ তালিকায় রয়েছেন ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন অর রশীদও।

নানা অভিযোগে বিভাগীয় মামলা ১৩ কর্মকর্তার বিরুদ্ধে

পলায়ন, নাশকতা, অসদাচরণ ও দুর্নীতির বাইরে অন্যান্য অভিযোগেও ১৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তাদের অধিকাংশের বিরুদ্ধেই চাকরি বহাল না রাখার প্রক্রিয়া এগোচ্ছে।

একজন কর্মকর্তা জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টের সহিংসতার ঘটনায় তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কারও কারও বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও মামলা চলছে। এ কারণে বিভাগীয় মামলার কার্যক্রম কোথাও কোথাও স্থগিত রাখা হয়েছে। ট্রাইব্যুনালের রায় পাওয়ার পর তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পিএসসি ও রাষ্ট্রপতির কার্যালয়ে ১৫ সার-সংক্ষেপ

কর্মকর্তাদের চূড়ান্তভাবে চাকরিচ্যুত করার আগে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী সরকারি কর্মকমিশনের (পিএসসি) মতামত নেওয়ার প্রয়োজন হয়। এ জন্য কয়েকজন কর্মকর্তার নথি পিএসসিতে পাঠানো হয়েছে।

অন্যদিকে কয়েকজন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্তের অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কার্যালয়ে সার-সংক্ষেপ পাঠানো হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে।

ঢাকা জেলার সাবেক এসপিসহ ছয়জন ইতোমধ্যে বরখাস্ত

এদিকে চাকরি থেকে পলায়ন এবং অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ ছয় কর্মকর্তাকে ইতোমধ্যে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। বরখাস্ত হওয়া অন্য পাঁচ কর্মকর্তা হলেন—অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব দাস এবং সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল।

পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া এখন প্রশাসনিক ও আইনগত—দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তবে অভিযোগের ধরন যাই হোক, সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য বিধি, আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং ন্যায়সংগত প্রক্রিয়া অনুসরণ করাই হবে পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।