ভোলার মনপুরায় সাবেক এক কলেজ অধ্যক্ষকে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাজিরহাট সদর উপজেলা মডেল মসজিদে এ ঘটনা ঘটে। তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।
আহত অধ্যক্ষ মো. মহিউদ্দিন মিয়া বর্তমানে ভোলা নাজিউর রহমান কলেজে কর্মরত। তিনি মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং মনোয়ারা বেগম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ। তার অভিযোগ, উপজেলা বিএনপির সহসভাপতি ডা. কামাল উদ্দিনের নির্দেশে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা তার ওপর হামলা চালান।
ঘটনার পর রোববার রাত ১১টার দিকে মনপুরা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা ও সদস্য সচিব হাফেজ আবদুর রহিম। তারা অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কোনো নেতা-কর্মীর সম্পৃক্ততার অভিযোগ নাকচ করেন।
তাদের বক্তব্য, মনোয়ারা বেগম মহিলা কলেজে অধ্যক্ষ থাকাকালে মহিউদ্দিন মিয়া তৃতীয় শ্রেণির কর্মচারী মো. সেলিমকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেন। ওই ঘটনার জেরেই সেলিমের সঙ্গে অধ্যক্ষের বিরোধ তৈরি হয় এবং সেলিম ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান বলে তারা দাবি করেন।
একই দাবি করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান ও সদস্য সচিব হোসেন হাওলাদার। তাদের ভাষ্য, অধ্যক্ষের ওপর হামলা বা মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের কোনো নেতা-কর্মী জড়িত ছিলেন না।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মনোয়ারা বেগম মহিলা কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারী সেলিমকে চাকরিচ্যুত করার বিষয়টি নিয়ে আগে থেকেই বিরোধ চলছিল। চাকরি ফিরে পাওয়ার দাবিতে সেলিম সংবাদ সম্মেলনও করেছিলেন। রোববার রাতে সেলিম ও তার স্বজনরা মডেল মসজিদের কাছে মহিউদ্দিন মিয়ার পথরোধ করে চাকরিচ্যুতির বিষয় নিয়ে কথা বলেন। একপর্যায়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয় এবং পরে অধ্যক্ষকে মারধর করা হয় বলে স্থানীয়রা জানান। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মহিউদ্দিন মিয়া জানান, অসুস্থ বাবাকে দেখতে পরিবার নিয়ে মনপুরায় গিয়েছিলেন তিনি। মডেল মসজিদে নামাজ আদায় ও হাদিসের তালিম শেষে বের হওয়ার পর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা তার ওপর হামলা করেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ডা. কামাল উদ্দিনের নির্দেশ থাকারও দাবি করেন অধ্যক্ষ।
তবে অভিযোগ অস্বীকার করেছেন চাকরিচ্যুত কর্মচারী সেলিম। তিনি বলেন, তাকে কেন চাকরি থেকে অবৈধভাবে বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে সাবেক অধ্যক্ষের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছে। তার দাবি, কোনো মারধরের ঘটনা ঘটেনি; বরং অধ্যক্ষ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে উল্টো তার গায়ে হাত তুলেছেন।
ডা. কামাল উদ্দিনও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তার দাবি, কলেজের চাকরিচ্যুতির বিষয়কে কেন্দ্র করেই অধ্যক্ষের সঙ্গে বিরোধের ঘটনা ঘটেছে এবং এতে বিএনপি, যুবদল কিংবা স্বেচ্ছাসেবক দলের কেউ জড়িত নন।
এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



