ঢাকার ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা এইচ এম রুস্তম আলীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন। সোমবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি মামলার বিষয়টি জানান।
ফরিদা ইয়াসমিনের করা মামলাটি ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে দায়ের করা হয়েছে। মামলায় ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম আলীকে প্রধান বিবাদী করা হয়েছে। এ ছাড়া মামুনুর রশিদ, মেরিনা আক্তার বিনা, আয়েশা আক্তার ডলি, একটি মোবাইল নম্বরের ব্যবহারকারী এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে বিবাদী করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ জুলাই বানেশ্বর ব্রিজসংলগ্ন এলাকায় ফরিদা ইয়াসমিনের চলাচলের পথ আটকে দেন রুস্তম আলীসহ কয়েকজন। এ সময় উপজেলা মহিলা দলের সভাপতির পদ পাওয়ার বিষয়কে কেন্দ্র করে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ফরিদা ইয়াসমিনের দাবি, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে হয়রানি করার পাশাপাশি মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেন। একই সঙ্গে দলীয় পদ থেকে তাকে সরিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।



