tanaka
প্রচ্ছদসারাদেশমমেক হাসপাতালে লিফটে আগুন: তদন্ত শেষ করতে আরও ৫ দিন সময়

মমেক হাসপাতালে লিফটে আগুন: তদন্ত শেষ করতে আরও ৫ দিন সময়

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের লিফটে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে আরও পাঁচ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ না হওয়ায় কমিটির আহ্বায়কের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তদন্ত কমিটির মেয়াদ পাঁচ কার্যদিবস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল প্রশাসনের গঠিত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা ছিল ওই দিন। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ১৪ সেপ্টেম্বর অগ্নিকাণ্ডের পরদিন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে ওই কমিটির আহ্বায়ক করা হয়। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম স্বাক্ষরিত আদেশে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস ও উপবিভাগীয় প্রকৌশলী মাজেদুর রহমানকে কমিটির সদস্য করা হয়।

তবে কমিটি নিয়ে সমালোচনা দেখা দেওয়ার পর ১৬ সেপ্টেম্বর আগের কমিটি বাতিল করে নতুন করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পুনর্গঠিত কমিটিতেও অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে আহ্বায়ক রাখা হয়। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খানকে করা হয় সদস্যসচিব।

নতুন কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের পাশাপাশি ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে বলা হয়। একই সঙ্গে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

তদন্ত কমিটির সদস্যসচিব মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করা সম্ভব না হওয়ায় কমিটির আহ্বায়ক রোববার আরও পাঁচ কার্যদিবস সময় চেয়ে লিখিত আবেদন করেন। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের সময়সীমা বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন আটতলা ভবনের একটি লিফটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের পর আতঙ্কে হাসপাতালের বিভিন্ন তলা থেকে রোগী ও স্বজনদের অনেকে দ্রুত নিচে নামতে গিয়ে আহত হন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছয়জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও এ ঘটনার পরিপ্রেক্ষিতেই তদন্ত কার্যক্রম শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ।