এশিয়ান গেমসে নারী হকিতে প্রথমবারের মতো মাঠে নেমেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। পুল ‘এ’-এর প্রথম ম্যাচে চারবারের এশিয়ান গেমস চ্যাম্পিয়ন চীনের কাছে ১৩-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
রোববার (২০ সেপ্টেম্বর) জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা চীন চতুর্থ মিনিটেই প্রথম গোলের দেখা পায়। এরপর একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণ ভেঙে আরও ১২টি গোল আদায় করে নেয় তারা। ম্যাচের ৫৭তম মিনিটে আসে চীনের শেষ গোলটি।
কোয়ার্টারভিত্তিক হিসাবেও ছিল চীনের পরিষ্কার আধিপত্য। প্রথম ও তৃতীয় কোয়ার্টারে চারটি করে গোল করে তারা। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশের জালে তিনবার বল পাঠায় চীন। শেষ কোয়ার্টারে আরও দুটি গোল যোগ করে বড় জয় নিশ্চিত করে।
চীনের হয়ে সবচেয়ে বেশি তিনটি গোল করেন ঝং জিয়াকি। জৌ মেইরং, চেন ইয়াং ও চেন ই দুটি করে গোল করেন। এছাড়া লি হং, মা নিং, ঝ্যাং ইয়াং ও ইয়ান লুই একটি করে গোলের দেখা পান।
অভিষেক ম্যাচে বড় ব্যবধানে হারের পর পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার (২১ সেপ্টেম্বর) মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী হকি দল।



