tanaka
প্রচ্ছদজাতীয়ভাইরাল অডিওকে এআই-নির্মিত বলে দাবি ওসি রাকিবুলের, প্রত্যাহার ক্যান্টনমেন্ট থানার ওসি

ভাইরাল অডিওকে এআই-নির্মিত বলে দাবি ওসি রাকিবুলের, প্রত্যাহার ক্যান্টনমেন্ট থানার ওসি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিতর্কিত একটি অডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সদ্য প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম। তবে অডিওটি ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে ডিএমপি।

প্রত্যাহারের পর নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে রাকিবুল ইসলাম দাবি করেন, ভাইরাল হওয়া অডিওটি তার বক্তব্য নয়; বরং উন্নত এআই প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে।

পোস্টে তিনি লেখেন, ‘অ্যাডভান্স এআই ছাড়া এটা আর কিছু না।’ তার ভাষ্য, বর্তমান সময়ে এআই ব্যবহার করে একজন মানুষকেও ফাঁসানো সম্ভব। অডিওটি না শুনলে বিষয়টি বোঝা কঠিন বলেও উল্লেখ করেন তিনি।

রাকিবুল আরও বলেন, কোনো তথ্য যাচাই না করে গণমাধ্যমে প্রচার করা হলে তা একজন ব্যক্তির সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষতিগ্রস্ত করতে পারে। এ ধরনের বিষয়ে সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান তিনি। তার দাবি, ভাইরাল অডিওতে তার নামে যে বক্তব্য প্রচার করা হচ্ছে, সেটি তিনি কখনো বলেননি।

এদিকে সাম্প্রতিক সময়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে এটি নিয়ে সংবাদমাধ্যমেও আলোচনা শুরু হয়। অডিওটির সত্যতা ও বক্তব্যের উৎস নিয়ে নানা মহলে বিতর্ক তৈরি হলে বিষয়টি আলোচনায় আসে।

এরই মধ্যে বৃহস্পতিবার ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।