দেশের মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি মাছের গুণগত মান নিশ্চিত করতে সরকারি মৎস্য খামারগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার আটপুকুর পাড় এলাকায় সরকারি মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের মৎস্য খাতকে আরও শক্তিশালী করতে সরকারি খামারগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানো জরুরি। আধুনিক ব্যবস্থাপনা পদ্ধতি, প্রযুক্তিনির্ভর কার্যক্রম এবং বিদ্যমান অবকাঠামোর নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে মৎস্যবীজ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, উৎপাদন বৃদ্ধির সঙ্গে পরিবেশের ভারসাম্য ও জ্বালানি ব্যবহারের বিষয়টিও গুরুত্ব দিতে হবে। সরকারি খামারগুলোতে সৌরবিদ্যুতের মতো পরিবেশবান্ধব প্রযুক্তি আরও বেশি ব্যবহার করা গেলে একদিকে বিদ্যুৎ সাশ্রয় হবে, অন্যদিকে মৎস্য উৎপাদন ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে টেকসই করা সম্ভব হবে।
পরিদর্শনের সময় খামারে স্থাপিত ২০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এরপর তিনি খামারের ব্রুড মাছের পুকুর ঘুরে দেখেন এবং মাছের অবস্থা পর্যবেক্ষণ করেন। পরে খামার প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক মো. আহসান হাসিব খান, সরকারি মৎস্য খামারগুলোর উৎপাদন বাড়ানোর লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



