ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ও সমন্বিত হামলা চালিয়েছে রাশিয়া। ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলায় কিয়েভে অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন স্থানে আটকে পড়া ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। খবর আনাদোলুর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, রাতভর দফায় দফায় কিয়েভ লক্ষ্য করে রুশ ড্রোন ও দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার সময় ইউক্রেনের বিমানবাহিনী একাধিকবার সতর্কতা জারি করে এবং বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানায়।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এ ঘটনায় সোলোমিয়ানস্কি জেলায় চিকিৎসাকর্মীদের পাঠানো হয়। হোলোসিভস্কি জেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের চত্বরে আগুন লাগার পাশাপাশি পোদিলস্কি ও দারনিতস্কিসহ কয়েকটি অনাবাসিক এলাকায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
হামলায় আহত ছয়জনের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য তিনজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে কিয়েভের বাইরে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত সরকারি তথ্য পাওয়া যায়নি।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, কিয়েভের বিভিন্ন এলাকায় আটকে পড়া ১৩ জনকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। হোলোসিভস্কি জেলায় একটি ২৬ তলা অনাবাসিক ভবনের ২৩ তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। একই এলাকায় ১৬ তলা একটি আবাসিক ভবন থেকে দুজন এবং একটি জ্বলন্ত গ্যারেজের কাছ থেকে আরও একজনকে উদ্ধার করা হয়।
সোলোমিয়ানস্কি জেলায় পাঁচতলা একটি আবাসিক ভবনে আটকে পড়া আরও ১০ জনকে উদ্ধার করেন জরুরি বিভাগের কর্মীরা। এ ছাড়া পোদিলস্কি, দারনিতস্কি ও দিনিপ্রোভস্কি জেলায় গুদাম, ব্যক্তিগত গ্যারেজ ও যানবাহনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন দমকলকর্মীরা।
কিয়েভের আশপাশের এলাকাতেও রুশ ড্রোন হামলা হয়েছে। রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানায়, বরিসপিল ও ফাস্তিভ জেলায় হামলার ঘটনা ঘটে। বরিসপিলে একটি শিল্পপ্রতিষ্ঠানে আগুন ধরে সাতটি ট্রাক পুড়ে যায়। একটি লজিস্টিকস কমপ্লেক্সেও দুই দফা হামলা চালানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
রাজধানীর বাইরে দিনিপ্রোপেত্রোভস্ক, পোলতাভা, চেরনিহিভ, মাইকোলাইভ, চেরকাসি, সুমি, জাপোরিঝিয়া, ওদেসা, খারকিভ ও দোনেৎস্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলেও রুশ হামলার খবর পাওয়া গেছে।
ইউক্রেনের দাবি, রুশ কৌশলগত যুদ্ধবিমান থেকে পূর্বাঞ্চলের সম্মুখসারির অবস্থান ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে অত্যন্ত ধ্বংসাত্মক কেএবি নিয়ন্ত্রিত আকাশবোমাও নিক্ষেপ করা হয়েছে।
সম্প্রতি মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ওই অঞ্চলে সফরের সময় তিন দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি পালিত হয়েছিল। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর দুই পক্ষের হামলা-পাল্টা হামলা আবারও শুরু হয়। এরই ধারাবাহিকতায় সর্বশেষ রাশিয়ার এই ব্যাপক হামলার ঘটনা ঘটল।



