tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকভারত-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে সুখবর

ভারত-বাংলাদেশ যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে সুখবর

দুই দেশের মধ্যে বন্ধ থাকা যাত্রীবাহী ট্রেন চলাচল আবার চালুর বিষয়ে আলোচনা করতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। ঢাকায় শুরু হতে যাওয়া দুই দিনের আন্তঃসরকারি রেলওয়ে বৈঠকে এ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে গত বছরের ফেব্রুয়ারিতে প্রায় নয় মাস বন্ধ থাকার পর দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল আবার শুরু হয়। যাত্রীবাহী ট্রেন এখনো চালু হয়নি।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বৈঠকে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়টি গুরুত্বপূর্ণ আলোচ্য হতে পারে।

বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তা পিটিআইকে বলেন, বৈঠকে মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয় নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া বাংলাদেশ নতুন একটি রেলপথ চালুর প্রস্তাব দিতে পারে। প্রস্তাবিত এই রুটে রাজশাহীকে কলকাতার সঙ্গে যুক্ত করার কথা রয়েছে।

আরেকটি প্রস্তাবের আওতায় ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসকে যমুনা সেতুর পরিবর্তে নতুন নির্মিত পদ্মা সেতু হয়ে চালানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশ বৈঠকে ঐকমত্যে পৌঁছালে আগামী মাসের শুরুতেই তিনটি আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন পুনরায় চালু হতে পারে। তবে ট্রেন চলাচল শুরু করতে হলে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে।