tanaka
প্রচ্ছদআন্তর্জাতিক‘কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’—দম্ভভরে বললেন নেতানিয়াহু

‘কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’—দম্ভভরে বললেন নেতানিয়াহু

গাজায় সামরিক অভিযান চালানোর পাশাপাশি কাতারের মাটিতেও ইসরাইল হামলা চালিয়েছে বলে প্রকাশ্যে স্বীকার করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরাইলি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কাতারকে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করে নেতানিয়াহু দাবি করেন, যুদ্ধের সময় কাতারের ভূখণ্ডে হামলা ও বোমা হামলা চালিয়েছে ইসরাইল।

রাজনীতি বিশ্লেষকদের মতে, আগামী ২৭ অক্টোবর ইসরাইলে নির্বাচন সামনে রেখে উগ্রপন্থী ও কট্টর সমর্থকদের আকৃষ্ট করতেই নেতানিয়াহু এমন বক্তব্য দিচ্ছেন।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায় ইসরাইল। হামলায় হামাসের পাঁচ প্রতিনিধি এবং কাতারের একজন নিরাপত্তাকর্মী নিহত হন। শান্তি আলোচনা চলাকালে এই হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা হয়। জাতিসংঘসহ বিভিন্ন দেশ এর নিন্দা জানায়।

পরিস্থিতি সামাল দিতে পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউস থেকে ফোন করে কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চান নেতানিয়াহু।

সাক্ষাৎকারে কাতার থেকে গাজায় অর্থ সহায়তা যাওয়ার বিষয়েও কথা বলেন ইসরাইলের প্রধানমন্ত্রী। বিরোধীদের অভিযোগ ছিল, নেতানিয়াহুর সমর্থনে কাতারের অর্থ গাজায় যাওয়ার কারণেই ২০২৩ সালের বড় হামলার প্রস্তুতি নিতে পেরেছিল হামাস।

জবাবে নেতানিয়াহু দাবি করেন, গাজায় ত্রাণের অর্থ পাঠানোর পরামর্শ দিয়েছিল ইসরাইলের গোয়েন্দা সংস্থা এবং কাতারের পাঠানো অর্থ গাজায় আসা মোট সহায়তার মাত্র দুই শতাংশ।

তবে কাতার শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, তাদের সব ধরনের সহায়তা স্বচ্ছ প্রক্রিয়ায় কেবল গাজার সাধারণ মানুষের জন্য পাঠানো হয়েছে।

কাতারে হামলার প্রকাশ্য স্বীকারোক্তি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও ইসরাইল-কাতার সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে।

সূত্র: আল-জাজিরা