ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে অসুস্থ হয়ে তিন বন্দির মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে পৃথক সময়ে অসুস্থ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপর একজন।
মৃতরা হলেন হাজতি বন্দি আবুল বাশার (৫৮), কয়েদি বন্দি আব্দুল কাইয়ুম (৬২) এবং শাহাদাত হোসেন (৪৮)।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে আবুল বাশার কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ৭টা ৩০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এরপর সকাল ৮টার দিকে অসুস্থ হয়ে পড়েন কয়েদি আব্দুল কাইয়ুম। তাকে ঢামেক হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৯টা ২০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে শাহাদাত হোসেনকে গত ২৮ আগস্ট ঢামেক হাসপাতালের ৫০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক তিন বন্দির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবুল বাশার ও আব্দুল কাইয়ুমকে কারাগার থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর শাহাদাত হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আবুল বাশার ও আব্দুল কাইয়ুমের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



