কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, নীতি-নৈতিকতাবিহীন শিক্ষা কোনো শিক্ষা হতে পারে না। যে শিক্ষা একজন মানুষকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না, সেই শিক্ষা দেশ ও জাতির কোনো কল্যাণ বয়ে আনে না। তাই শুধু জিপিএ-৫ অর্জন নয়, ভালো মানুষ হওয়াই হওয়া উচিত শিক্ষার মূল লক্ষ্য।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী বলেন, ‘যে সমাজে একজন শিক্ষিত মা থাকেন, সেই সমাজ একটি শিক্ষিত পরিবার পায়। আর যে সমাজে একজন শিক্ষিত স্ত্রী থাকেন, সেই সমাজ শিক্ষিত সন্তান পায়।’
তিনি বলেন, মেয়েরা এগিয়ে এলে সমাজ এগিয়ে যাবে, আর ছেলেরা শিক্ষিত হলে দেশ ও জাতি এগিয়ে যাবে। আগামীর দিনে প্রতিযোগিতা আরও বাড়বে। তাই শিক্ষার্থীদের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।
বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ উল্লেখ করে তিনি বলেন, ‘টেকনিক্যাল শিক্ষার কোনো বিকল্প নেই।’ এ লক্ষ্যে আগামী মাসে কুমিল্লায় শিক্ষা নীতি নিয়ে ‘কুমিল্লা কনসেপ্ট’ শীর্ষক একটি শিক্ষা সেমিনারের আয়োজন করা হবে বলেও জানান তিনি।
শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে মনিরুল হক চৌধুরী বলেন, নিজেদের পছন্দ ও আগ্রহের ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে। যে বিষয়ে যার আগ্রহ রয়েছে, সে বিষয়ে সর্বোচ্চটা দিয়ে নিজেকে গড়ে তুলতে হবে। দক্ষতা অর্জন করতে পারলে একসময় কর্মই তাদের খুঁজে নেবে।
নারী শিক্ষায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রাথমিক থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে নারীদের শিক্ষা বিনামূল্যে করার উদ্যোগ নিয়েছিলেন খালেদা জিয়া। পাশাপাশি নারী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে উপবৃত্তি ব্যবস্থা চালু করা হয়েছিল।
শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য কাজ করছেন। শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবাই শিক্ষা নিয়ে কাজ করছেন।
শিক্ষার্থীদের উদ্দেশে মনিরুল হক চৌধুরী বলেন, ‘তারেক রহমানের হাতে যতদিন দেশ থাকবে, ততদিন এ দেশ পথ হারাবে না। তোমরা বিশ্বাস রাখো, প্রধানমন্ত্রী তোমাদের নিরাশ করবেন না।’
জেলা প্রশাসক রোজী আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে তাইমিয়া স্কুলের অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল, শিক্ষা বোর্ড মডেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হোসেন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
অনুষ্ঠানে সদর দক্ষিণ উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬৩৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা, ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।



