উত্তর নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকায় নেপাল দূতাবাসে গিয়ে শোক বইয়ে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শোকবার্তায় নেপাল সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। এ সময় মর্মান্তিক এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি বাংলাদেশের আন্তরিক সহমর্মিতা ও প্রার্থনা রয়েছে বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ এই কঠিন সময়ে নেপালের জনগণের পাশে রয়েছে। প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত বলেও তিনি জানান।



