tanaka
প্রচ্ছদসারাদেশসীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে সোহাগ মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সকালে আহম্মদাবাদ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া ওই এলাকার শফিক মিয়ার ছেলে।

নিহতের চাচা আব্দুল কাদিরের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনের মতো রোববার সকালে সীমান্তসংলগ্ন এলাকায় গরু চরাতে গিয়েছিলেন সোহাগ। সেখানে অবস্থানকালে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে পরিবারের দাবি। গুলির শব্দের পর সোহাগের কোনো সন্ধান না পেয়ে স্বজনরা তাকে খুঁজতে বের হন।

পরে সীমান্ত এলাকায় সোহাগকে পড়ে থাকতে দেখা যায়। পরিবারের সদস্যসহ কয়েকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ডা. সিরাজাম মুনিরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্ত সম্পন্ন হলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

ঘটনার বিষয়ে হবিগঞ্জ ৫৫ বিজিবির বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও সাড়া পাওয়া যায়নি।

এদিকে সোহাগের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সীমান্তবর্তী এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। পরিবারের সদস্যরা ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।