অবরোধ অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুতর সংঘাতের আশঙ্কা রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই। তিনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে নতুন করে কোনো সংঘাত শুরু হলে তা আগের সংঘাতের তুলনায় ভিন্ন মাত্রা পাবে।
ইরানের সংবাদ সংস্থা আইআরআইবির প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, আল-মানারকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর মন্তব্য করেন। তিনি বলেন, তেহরান নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠাবে’। রেজাইয়ের দাবি, নেতানিয়াহুর কর্মকাণ্ড ইসরায়েলি রাষ্ট্রের অস্তিত্ব সংকটকে আরও ত্বরান্বিত করছে।
রেজাই আরও অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলেকে হত্যার জন্য ইরান ষড়যন্ত্র করছে—এমন মিথ্যা তথ্য ছড়িয়েছেন নেতানিয়াহু। তার দাবি, এ ধরনের প্রচারণা ট্রাম্পকে আতঙ্কিত করেছে এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলেছে।
লেবানন ও ইসরায়েলের সংঘাত পরিস্থিতি নিয়েও সতর্ক করেন রেজাই। তিনি বলেন, দাহিয়েহ ও বৈরুত ইরানের ‘রেড লাইন’। ভবিষ্যতে কোনো সংঘাত শুরু হলে তা আগের যুদ্ধগুলোর মতো হবে না। লেবাননের দখলকৃত অঞ্চলগুলো থেকে ইসরায়েলকে সরে যেতে বাধ্য করা হবে বলেও দাবি করেন তিনি।
ইরানের ওপর অর্থনৈতিক অবরোধের প্রসঙ্গে রেজাই বলেন, অবরোধ অব্যাহত রাখার অর্থ হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুতর সংঘাতের দিকে এগিয়ে যাওয়া। তিনি দাবি করেন, যুদ্ধবিরতির সময় ইরান বিপুল পরিমাণ তেল রপ্তানি করেছে এবং নৌ অবরোধ অতিক্রম করে প্রায় ৭০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে।
রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেন, অবরোধ অব্যাহত থাকলে ইরান যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে লক্ষ্য করে পাল্টা ব্যবস্থা নিতে পারে।
এর আগে ২৪ আগস্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের শাসনব্যবস্থার বিরুদ্ধে সর্বশেষ নিষেধাজ্ঞার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে অভিনন্দন জানান। তিনি বলেন, এসব নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের শাসকগোষ্ঠী ও তাদের কর্মকাণ্ডের জন্য মূল্য আদায় করা হচ্ছে।



